ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল হাকিম। জমি নিয়ে বিরোধের জেরে এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা করছেন তিনি।
গত ২১ নভেম্বর সকালে উপজেলার ৭ নম্বর রাতোর ইউনিয়নের বাহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গরকতগাঁও এলাকার বাসিন্দা আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া জমি ভোগদখল করে আসছেন। গত ২১ নভেম্বর প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজন ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন আব্দুল হাকিম। পরে তিনি রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—মো. আ. কাদের (৫০), মো. এনামুল হক (৪৭), মো. রমজান আলী (৩০), মো. ইয়াশিন আলী (৩২), মো. জয়নুল হক (৬০), মো. রেজাউল হক (৫৫), মো. শামসুল হক (৫৮), মো. আমিরুল হক (৫৬), মো. ইলিয়াশ আলী (৩২), মো. আ. হাকিম (৫০), মো. শাহাজত আলী (৪৫), মো. আনারুল ইসলাম (৬০), মো. হাফিজুল ইসলাম (৫০) ও মো. ইসলাম (৪৮)। তারা সবাই রাতোর ইউনিয়নের গরকতগাঁও এলাকার বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল হাকিমের দাবি, বাহেরপাড়া মৌজার ৪৪৪ নম্বর দাগে এসএ রেকর্ডের ৩১ নম্বর খতিয়ানের মালিক মফিজ উদ্দিন ও অফিল উদ্দিনের কাছ থেকে ১৯৭১ সালে তার বাবা ও চাচা ৫৮ শতক জমির মধ্যে ৩৬ শতক কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে মাঠ জরিপে তাদের নামে মাঠপর্চা হয় এবং ওই মৌজার চূড়ান্ত প্রকাশনা শেষে গেজেটও প্রকাশিত হয়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জমিটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তার।
তিনি আরও বলেন, প্রশাসন দ্রুত বিষয়টি সমাধানে উদ্যোগ না নিলে যেকোনো সময় সংঘর্ষ কিংবা হতাহতের ঘটনা ঘটতে পারে। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ আব্দুল কাদের বলেন, “এই জমিটি পৈতৃক সম্পত্তি। বণ্টনে শরিকরা সবাই পাওয়ার কথা। কিন্তু কৌশলে আব্দুল হাকিম জমিটি নিজের নামে কাগজ করেছেন। আমরাও থানায় অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছে। আমরা জমির ভাগ চাই।”
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত