গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায়, প্রতি বস্তায় প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম চাল কম দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়াই চাল বিতরণের অভিযোগ করেছেন সুবিধাভোগীরা। এতে সরকারি সহায়তা নিতে এসেও বাড়তি ভোগান্তি ও আর্থিক চাপে পড়ছেন নিম্ন আয়ের মানুষ।
সুবিধাভোগীদের কাছে সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচি শুধু কিছু চাল পাওয়ার বিষয় নয়, বরং অভাবের সংসারে একটু স্বস্তি পাওয়ার আশ্রয়। দিনমজুরি করে যাদের সংসার চলে, তাদের কাছে প্রতিটি টাকা ও প্রতিটি কেজি চালের মূল্য অনেক। কিন্তু সেই চাল নিতে গিয়েই যদি অতিরিক্ত টাকা দিতে হয়, আবার ওজনেও কম পাওয়া যায়, তাহলে তাদের কষ্টের শেষ কোথায়—এমন প্রশ্ন ভুক্তভোগীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সুবিধাভোগী অভিযোগ করে বলেন, সরকারি নির্ধারিত মূল্য ৪৫০ টাকা হলেও সংশ্লিষ্ট ডিলার খালেক তাদের কাছ থেকে ৪৭০ টাকা করে নিচ্ছেন। শুধু তাই নয়, প্রতি বস্তায় প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম চাল কম দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তারা।
একজন সুবিধাভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা গরিব মানুষ। দিন এনে দিন খাই। একদিন কাজ না করলে সংসারে খাবার জোটানো কঠিন হয়ে পড়ে। চাল নিতে এসে সারাদিন চলে যায়, একদিনের মজুরিও নষ্ট হয়। এরপর বাড়িতে চাল নিতে বস্তাপ্রতি ৪০ থেকে ৫০ টাকা ঘোড়ার গাড়ির ভাড়া দিতে হয়। এত কষ্ট করে চাল কিনে যদি ওজনেও কম পাই, তাহলে আমাদের কষ্টটা কে বুঝবে?’
আরেকজন সুবিধাভোগী বলেন, সরকারের দেওয়া এই চাল তাদের পরিবারের জন্য অনেক বড় সহায়তা। কিন্তু নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিতে হলে এবং চাল কম পেলে সেই সহায়তার সুফল অনেকটাই কমে যায়। যারা অভাবের কারণে সরকারি চালের ওপর নির্ভর করেন, তাদের সঙ্গে এমন আচরণ হওয়া উচিত নয়।
এদিকে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণ নিয়েও অভিযোগ রয়েছে। সুবিধাভোগীদের দাবি, সরকারি সহায়তার কার্ড দেওয়ার সময় কারও কাছ থেকে ১০০ টাকা, আবার কারও কাছ থেকে ২০০ থেকে ২৩০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। সরকারি সুবিধা পেতে গিয়ে কেন অতিরিক্ত টাকা দিতে হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
চাল বিতরণ কার্যক্রমের তদারকি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বিতরণের সময় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার বা খাদ্য বিভাগের কোনো কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা যায় না। কর্মকর্তাদের অনুপস্থিতিতে ডিলার নিজেই চাল বিতরণ করছেন। এতে চালের সঠিক ওজন ও সরকারি নির্ধারিত মূল্য নিশ্চিত হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন জামায়াত নেতা আলীম ও পলাশ বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির চাল অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা কষ্ট করে দিন কাটান, তাদের প্রাপ্য চাল নিয়ে কোনো অনিয়ম হওয়া উচিত নয়। আমরা চাই, প্রত্যেক সুবিধাভোগী যেন সরকারি নির্ধারিত দামে সঠিক পরিমাণ চাল পান। একই সঙ্গে চাল বিতরণের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।’
স্থানীয়দের মতে, একবারে কয়েকশ গ্রাম চাল কম দেওয়া কারও কাছে সামান্য মনে হতে পারে। কিন্তু মাসের পর মাস এমন হলে দরিদ্র পরিবারগুলোর জন্য তা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যেসব পরিবারে উপার্জনক্ষম মানুষের আয় সীমিত, তাদের কাছে বাড়তি ২০ টাকা কিংবা কয়েকশ গ্রাম চালও অনেক গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাশাপাশি চাল বিতরণের সময় সরকারি কর্মকর্তাদের উপস্থিতি, সঠিক ওজন এবং নির্ধারিত মূল্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা ও সংশ্লিষ্ট ডিলার আব্দুল খালেক এর সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মতামত