কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি ১৫।
গতকাল রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মরিচ্যা বাজার এলাকার পান বাজার রোডে এই অভিযান চালানো হয়।
র্যাব-১৫ জানায়, নিয়মিত টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি পান বাজার রোডে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল তাৎক্ষণিক ওই সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে আমিনুল হক (২৬), পশ্চিম মরিচ্যা এলাকার নুরুল আলমের ছেলে এহসানুল করিম (২৬) এবং পাতাবাড়ী এলাকার আবু তাহেরের ছেলে রশিদ আহমদ (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মিয়ানমার থেকে অবৈধ পথে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার ও কেনাবেচা করে আসছিল।
উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত অটোরিকশাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।
মতামত