ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সর্বশেষ সংবাদ

উখিয়ায় রেস্টুরেন্টের পেছন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

উখিয়ায় রেস্টুরেন্টের পেছন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকায় একটি রেস্টুরেন্টের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


টেকনাফে ইয়াবা সেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

টেকনাফে ইয়াবা সেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে ইয়াবা সেবনের দায়ে শামছুল আলম (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকে নিয়মিত টহল পরিচালনাকালে তাকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের দায়িত্বরত সদস্যরা।পরে আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর ২টা ৩০ মিনিটে ক্যাম্প-২৭-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে সিআইসি কর্মকর্তা উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মাদক সেবনের দায়ে মোবাইল কোর্ট মামলা নম্বর ২৫৫/২৬-এর মাধ্যমে শামছুল আলমকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।সাজাপ্রাপ্ত শামছুল আলম (২২) ক্যাম্প-২৭, জাদিমুড়ার বি/১ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম বদি আলম এবং মাতার নাম মাহমুদা খাতুন। তার এফসিএন নম্বর ২৭৭৭৩০।ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


ফোনে প্রতারণার নতুন কৌশল

ফোনে প্রতারণার নতুন কৌশল

‘আপনার ছেলেকে পুলিশ আটক করেছে। তাঁর ব্যাগে মাদক পাওয়া গেছে। ছেলেকে ছাড়াতে চাইলে এখনই বিকাশে টাকা পাঠান।’ গত ২৪ অক্টোবর এমন ফোন পান বরিশাল সদর উপজেলার বাসিন্দা আবুল কালাম আজাদ। পুলিশ বলছে, এ ধরনের প্রতারণার অভিযোগ তাদের কাছে প্রায়ই আসছে। অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি অপরিচিত নম্বর থেকে আসা এমন ফোনের সত্যতা যাচাই করার পরামর্শ দিচ্ছে তারা। প্রয়োজনে তাদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিচ্ছে।


রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনায় ইউট্যাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনায় ইউট্যাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও বরেণ্য রাজনীতিবিদ অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সোমবার এক যৌথ বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজধানীতে অবস্থান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এমন সন্ত্রাসী তৎপরতা দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। নেতৃদ্বয় আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের বাসভবনে হামলার পরিকল্পনা করা চরম কাপুরুষোচিত এবং ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এ ঘটনার পেছনে আরও কারা জড়িত এবং এর সঙ্গে কোনো গভীর ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি। ইউট্যাবের নেতৃদ্বয় আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এই ষড়যন্ত্রের নেপথ্যের মূল হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান তারা।


ইরান যুদ্ধে ব্যয় ৪৭ বিলিয়ন ডলার, মার্কিন জনগণের কী লাভ?

ইরান যুদ্ধে ব্যয় ৪৭ বিলিয়ন ডলার, মার্কিন জনগণের কী লাভ?

ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত ৪৭ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। অথচ এই বিপুল অর্থ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হলে দেশের জনগণ উপকার পেতো বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট।  তার প্রশ্ন, বিদেশি স্বার্থ ও করপোরেট লবিগুলোর জন্য এই যুদ্ধে জড়িয়ে মার্কিন জনগণ কী পেল? শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন এই সাবেক গোয়েন্দা কর্মকর্তা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে আগ্রাসী যুদ্ধ উল্লেখ করে কেন্ট বলেন, দেশের মানুষের প্রয়োজন, নিরাপত্তা ও সমৃদ্ধিকে বিসর্জন দিয়ে আরেকটি বিদেশি যুদ্ধে জড়ানোর মধ্যে বুদ্ধিমত্তার কোনো ছিটেফোঁটাও নেই। এই যুদ্ধ কেবল বিদেশি স্বার্থ ও বড় করপোরেট গোষ্ঠীগুলোরই কাজে আসছে। জো কেন্ট বলেন, ইরান যুদ্ধে এখন পর্যন্ত মার্কিন করদাতাদের ৪৭ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে। বেড়েছে জ্বালানি ও মুদি পণ্যের দাম। যা সাধারণ পরিবারগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করেছে। এই অর্থ নতুন একটি যুদ্ধে ব্যয় না করে যুক্তরাষ্ট্রের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করলে দেশের মানুষের বেশি উপকার হতো। যুক্তরাষ্ট্রের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, বিষয়টি নতুন করে বোঝার কিছু নেই। ৯/১১-এর হামলার পর শুরু হওয়া যুদ্ধগুলো থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত ছিল। ওই যুদ্ধগুলোতে দেশটির আট থেকে নয় ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে। কিন্তু এতে যুক্তরাষ্ট্র আগের চেয়ে নিরাপদ অবস্থানে যেতে পারেনি। তিনি বলেন, ‘ওই যুদ্ধগুলোতে সাত হাজারের বেশি মার্কিন নাগরিক নিহত হয়েছেন। বিনিময়ে কী পাওয়া গেছে? সেসব যুদ্ধের মাত্র হাতেগোনা কয়েকটি অভিযান ৯/১১-এর হামলার জন্য দায়ীদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।’ কেন্টের মতে, বিদেশে একের পর এক যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র নিজের দেশের মানুষের প্রয়োজন ও নিরাপত্তাকে উপেক্ষা করছে। অথচ সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আবারও বলেন, ‘নিজ দেশের মানুষের প্রয়োজন, নিরাপত্তা ও সমৃদ্ধিকে বিসর্জন দিয়ে আরেকটি বিদেশি যুদ্ধে জড়ানোর মধ্যে বুদ্ধিমত্তা বা রক্ষণশীলতার কোনো ছিটেফোঁটাও নেই। কারণ, এই যুদ্ধ কেবল বিদেশি স্বার্থ ও করপোরেট লবিগুলোরই কাজে আসছে।’ সূত্র: মেহের নিউজ 


পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের আশপাশের দুটি এলাকায় নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ নভেম্বর) ভোরে বেইত ফুরিক ও বেইতা শহরে অভিযান চালিয়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি, ভাঙচুর এবং ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার (WAFA) প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসের পূর্বে অবস্থিত বেইত ফুরিক শহরে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। এ সময় একটি দোকানের মালামাল ও সরঞ্জাম নষ্ট করা হয়। পাশাপাশি কয়েকজন স্থানীয় বাসিন্দাকে মারধর করা হয়েছে। অন্যদিকে, নাবলুসের দক্ষিণে অবস্থিত বেইতা শহরে কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে প্রবেশের পর গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। তবে এসব ঘটনায় হতাহত বা আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা


বাঘ সংরক্ষণ কর্মকর্তার বাসভবনে অভিযান, ১৪ কোটির নগদ অর্থ-স্বর্ণ জব্দ

বাঘ সংরক্ষণ কর্মকর্তার বাসভবনে অভিযান, ১৪ কোটির নগদ অর্থ-স্বর্ণ জব্দ

ভারতের মধ্যপ্রদেশে বাঘ সংরক্ষণ এলাকার কর্মকর্তার বাসভবনে অভিযান চালিয়ে ১৪ কোটির সমপরিমাণ স্বর্ণ, নগদ টাকা ও সম্পদ জব্দ করেছে দুর্নীতিবিরোধী সংস্থা-লোকায়ুক্ত। অভিযানে প্রায় ২ কোটি ৬৩ লাখ রুপি নগদ অর্থ এবং আড়াই কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৬৮ লাখ টাকা।  লোকায়ুক্তের কর্মকর্তারা রোববার (১৫ নভেম্বর) সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক সঞ্জীব কুমার শর্মাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট তিনটি স্থানে অভিযান চালান।  এর মধ্যে রয়েছে নর্মদাপুরম জেলার সরকারি বাসভবন ও কার্যালয় এবং ছিন্দওয়াড়া জেলার ব্যক্তিগত বাসভবন। আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার ভিত্তিতে আদালতের পরোয়ানা নিয়ে এ অভিযান চালানো হয়। সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে লাইভমিন্ট জানিয়েছে, অভিযানে ১ দশমিক ৬ কেজি রুপাও পাওয়া গেছে। এর মূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৮৭ হাজার টাকা। এ ছাড়া সঞ্জীবের সঙ্গে সংশ্লিষ্ট দুটি আবাসন ও পর্যটন প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। এর মধ্যে ইকোটেল রিসোর্টের আনুমানিক মূল্য ২ কোটি রুপি এবং সেরেনিটি দ্য ভিলা নামের স্থাপনাটির মূল্য ১ কোটি রুপি।  বাংলাদেশি মুদ্রায় এ দুটির মোট মূল্য প্রায় ৪ কোটি ১ লাখ টাকা। তবে সম্পত্তিগুলোর আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো বাকি। তদন্তকারীরা ২৮টি জমি কেনাবেচার নথি এবং চারটি যানবাহনের সন্ধান পেয়েছেন। যানবাহনগুলোর আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ ৬৮ হাজার টাকা। বাড়ির আসবাব ও অন্যান্য সামগ্রীর মূল্য ধরা হয়েছে প্রায় ৫০ লাখ রুপি। প্রাথমিক হিসাবে সঞ্জীবের সম্পদ তার বৈধ আয়ের তুলনায় ৫৬০ শতাংশ বেশি বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তার স্ত্রী ও অন্যদের নামেও কিছু সম্পদ কেনা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত চলছে। 


ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা

ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা

সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগ উঠে এসেছে। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায় বলা হয়েছে, বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম নিয়ে তৈরি সংস্থাটির ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতির তথ্যও তুলে ধরা হয়েছে। পাশাপাশি ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার কথা বলা হয়েছে। কিছু সরঞ্জাম বাজারদরের তুলনায় ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা স্বাস্থ্য খাতে দুর্নীতির সুযোগ তৈরি করছে। অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও এ সমস্যাকে বাড়িয়ে তুলছে। শুধু আইন প্রয়োগ নয়, সততাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু কোনো ব্যক্তিকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি দূর করা সম্ভব নয়। এ জন্য পুরো ব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। তার মতে, আর্থিক অনিয়ম ও দরপত্র কারসাজির পাশাপাশি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অংশ। প্রতিবেদনে সরকারি হাসপাতালে রোগীদের সেবা নিতে গিয়ে নানা ধরনের অনিয়মের শিকার হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো। একটি ঘটনায় অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্যত্র বদলি করা হয়। চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। পরবর্তী আরেকটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া ‘ভুতুড়ে চিকিৎসকদের’ বিষয়টিও এতে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতাও চিহ্নিত করেছে গবেষণাটি। এ ক্ষেত্রে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তুলেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে প্রায় ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই। চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতার চিত্র পাওয়া গেছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসাশিক্ষার সম্প্রসারণের সঙ্গে মান নিয়ন্ত্রণে ঘাটতির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজ ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থায় একই মাত্রায় উন্নতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য খাতের অনিয়ম কমাতে বেশ কিছু সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে রয়েছে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন নেওয়া আইনত নিষিদ্ধ করা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করা। এ ছাড়া চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণের জন্য আইনি কাঠামো তৈরি, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। সরকারি কেনাকাটার সব তথ্য প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়ার ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধের সুপারিশ করেছে সংস্থাটি। পাশাপাশি রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।


চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ

চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জুতা রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চামড়ার ও চামড়াবিহীন জুতা মিলিয়ে মোট রপ্তানি আয় হয়েছে ৪৫৭.০১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৩৭ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম চার মাসে এ খাতে রপ্তানি আয় ছিল ৪১৭.৮৫ মিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে চামড়ার জুতা রপ্তানি থেকে আয় হয়েছে ২৬২.১৫ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ২৩৯.৮৬ মিলিয়ন ডলারের তুলনায় ৯.২৯ শতাংশ বেশি। অন্যদিকে, চামড়াবিহীন জুতা রপ্তানি থেকে আয় হয়েছে ১৯৪.৮৬ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৭৭.৯৯ মিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৯.৪৮ শতাংশ। দুই ধরনের জুতা মিলিয়ে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৩৯.১৬ মিলিয়ন ডলার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাসসকে বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। চামড়া ও জুতা শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো, পণ্যের মূল্য সংযোজন বৃদ্ধি, ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ শিল্পের উদ্যোক্তারা যাতে আন্তর্জাতিক বাজারের চাহিদা ও মান অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারেন, সে জন্য সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, চামড়া ও জুতা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে উৎপাদন সক্ষমতা এবং রপ্তানি বাড়াতে একটি কার্যকর রোডম্যাপ তৈরির কাজ চলছে। এ জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণে উদ্যোক্তাদের সহায়তা এবং পণ্যের উৎপাদন ও সরবরাহের উৎস শনাক্তে জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রপ্তানিমুখী জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাধারণ বন্ডের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। রপ্তানিমুখী অন্যান্য শিল্পকেও বন্ড সুবিধার আওতায় আনার উদ্যোগের ফলে এ খাতের উদ্যোক্তাদের কাঁচামাল আমদানি ও উৎপাদন কার্যক্রম সহজ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীনের সঙ্গে মূল্য প্রতিযোগিতা থাকলেও যুক্তরাষ্ট্র ও ভারতের বাজারে বাংলাদেশের জুতার ক্রয়াদেশ বাড়ছে। পাশাপাশি চলতি অর্থবছরে প্রথমবারের মতো মেক্সিকোতে জুতা রপ্তানি শুরু হয়েছে। ফলে প্রচলিত বাজারের পাশাপাশি নতুন নতুন বাজারেও বাংলাদেশের জুতার প্রবেশ ঘটছে। ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, বাংলাদেশের চামড়ার জুতার উল্লেখযোগ্য রপ্তানি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও কানাডা। অন্যদিকে চামড়াবিহীন জুতার উল্লেখযোগ্য বাজারের মধ্যে রয়েছে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি ও জার্মানি। এসব বাজারের পাশাপাশি মেক্সিকোসহ নতুন গন্তব্যে রপ্তানি শুরু হওয়ায় বাংলাদেশের জুতা শিল্পের বাজার সম্প্রসারণের সুযোগ বাড়ছে। চামড়াবিহীন জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান এনপলি ফুটওয়্যার গত অর্থবছরে ৩ কোটি ৮০ লাখ ডলারের জুতা রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটির কারখানায় বর্তমানে প্রতিদিন ১৪ হাজার জোড়া জুতা উৎপাদিত হচ্ছে। ক্রয়াদেশ বাড়ায় আগামী মাস থেকে নতুন শিফট চালু এবং অতিরিক্ত দেড় হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ফাইভ-আর ফুটওয়্যার চলতি অর্থবছরে মেক্সিকোর বাজারে জুতা রপ্তানি শুরু করেছে। বিশ্ববাজারে চামড়াবিহীন জুতার চাহিদা বাড়ছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে আগামী বছরগুলোতে এ ধরনের জুতা রপ্তানিতে আরও উচ্চ প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে প্রতিষ্ঠানটির মালিক মনে করছেন। তবে এ জন্য বন্ড সুবিধাসহ ব্যবসায়িক কার্যক্রমের বিদ্যমান জটিলতা দূর করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০২৬-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ প্রায় ৫৫ কোটি ৪০ লাখ জোড়া জুতা উৎপাদন করেছে। এ হিসাবে বিশ্বে জুতা উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম। উৎপাদন সক্ষমতা, নতুন বিনিয়োগ, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আগ্রহ কাজে লাগাতে পারলে দেশের জুতা রপ্তানি আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।


থানায় অবস্থানকালেই আবারও হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

থানায় অবস্থানকালেই আবারও হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে নিজেই হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে তেজগাঁও থানায় গিয়েছিলেন মাহমুদা মিতু। সেখানে অবস্থান করার সময়ই তার মোবাইল ফোনে কল আসে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।


জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের

জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতারা। এ সময় দেশের যেকোনো অরাজকতা রাজপথে মোকাবিলা এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন নেতৃত্ব। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। পরে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া ও সদস্যসচিব বদরুল আলম সবুজের নেতৃত্বে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, সবুজবাগ থানা বিএনপির সভাপতি আশরাফুল রহিম, মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা, মহানগর দক্ষিণ যুবদল এবং ছাত্রদল পূর্বের নেতাকর্মীরাও অংশ নেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাজার প্রাঙ্গণে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় নতুন কমিটির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে নবগঠিত কমিটির নেতৃত্ব দেশের যেকোনো অরাজকতা ও বিশৃঙ্খলা রাজপথে মোকাবিলা করার পাশাপাশি দেশ গঠনের কাজে ঐক্যবদ্ধভাবে নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


এখন হামের মৃত্যু স্রেফ ‘সংখ্যা’: তাজনুভা জাবিন

এখন হামের মৃত্যু স্রেফ ‘সংখ্যা’: তাজনুভা জাবিন

দেশে হামে আক্রান্ত হয়ে একের পর এক মানুষের মৃত্যু হলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর কোনো আলোচনা বা তৎপরতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবিন। তিনি বলেন, হাম নিয়ে সব পক্ষের রাজনীতি শেষ হয়ে গেছে। এখন মানুষের মৃত্যু যেন কেবল পরিসংখ্যানে পরিণত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তাজনুভা জাবিন দাবি করেন, গতকালও হামে আটজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এ রোগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০। অথচ এত মানুষের মৃত্যু হলেও এ নিয়ে কোনো আওয়াজ নেই। তিনি লেখেন, ‘কী অবিশ্বাস্যভাবে আমরা এই মৃত্যুগুলোকে এখন স্রেফ সংখ্যা হিসেবে দেখছি। কোনো আওয়াজ নেই এই চলমান মৃত্যু নিয়ে।’ হামের টিকা সংক্রান্ত অনিয়ম তদন্তে চলতি মাসে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে তাজনুভা বলেন, যারা ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসার অগ্রাধিকার নিয়ে কোনো আলোচনা নেই। আরও পড়ুনআরও পড়ুনথানায় অবস্থানকালে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু ঢাকার বাইরে বিভিন্ন জেলা, উপজেলা এবং পার্বত্য অঞ্চলে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এসব এলাকায় রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে দৃশ্যমান কোনো তৎপরতাও নেই বলে মন্তব্য করেন এনসিপির সাবেক এই নেতা। কেন হামে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু বন্ধ হচ্ছে না, তা নিয়েও আলোচনা-সমালোচনা নেই বলে প্রশ্ন তোলেন তিনি। পোস্টের শেষাংশে তাজনুভা জাবিন লেখেন, ‘কারণ এই মৃত্যুগুলো রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ না। হাম নিয়ে রাজনীতি শেষ সব পক্ষের। এখন মৃত্যু স্রেফ সংখ্যা।’


চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী

চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে মিয়ানমারের উপকূলীয় কিয়াউকফিউ বন্দর। এই বন্দর থেকে সমুদ্রপথে বাংলাদেশ। এই পথ ধরে কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডরের প্রস্তাব দিয়েছে চীন। গত ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে করিডরটির প্রস্তাব দেন। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়। তবে এই করিডরের সুনির্দিষ্ট পথ (রুট) এখনো ঠিক হয়নি। কোন পথে পণ্য পরিবহন হবে, বাংলাদেশের কোন বন্দর ব্যবহার করা হবে কিংবা স্থল ও সমুদ্রপথের মধ্যে কীভাবে সমন্বয় হবে, এসব বিষয় এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীন সফরে ছিলেন—এমন বেশ কয়েকজন বাংলাদেশি কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কুনমিং থেকে কিয়াউকফিউ বন্দর পর্যন্ত যোগাযোগব্যবস্থা হবে স্থলপথের। এই বন্দর থেকে ছোট নৌযান (ফিডার ভেসেল) বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং সফরে গিয়েছিলেন গত জুনের শেষ দিকে। জুনের শুরুর দিকে বেইজিং সফর করেছিলেন তৎকালীন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এর আগে মে মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেইজিং সফর করেছিলেন। চীন কোন পথে করিডর করতে চায়, সে ধারণা এই দুজনের সঙ্গে আলোচনায় প্রাথমিকভাবে দিয়েছিলেন চীনা কর্মকর্তারা। চীনের প্রাথমিক পরিকল্পনা হলো, কুনমিং থেকে মিয়ানমারের রুইলি, মুসে, মান্দালয় হয়ে রাখাইনের কিয়াউকফিউ পর্যন্ত স্থলপথে যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ। কিয়াউকফিউ থেকে বাংলাদেশ পর্যন্ত যোগাযোগব্যবস্থা হবে সমুদ্রপথকেন্দ্রিক। তিন দেশের করিডরের ধারণা বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে অর্থনৈতিক যোগাযোগের ধারণাটি একেবারে নতুন নয়। এর সঙ্গে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারকে নিয়ে প্রস্তাবিত বিসিআইএম অর্থনৈতিক করিডরের পুরোনো একটি পরিকল্পনার যোগসূত্র। এ উদ্যোগের লক্ষ্য ছিল কুনমিং থেকে মিয়ানমার ও বাংলাদেশ হয়ে ভারতের কলকাতা পর্যন্ত একটি আঞ্চলিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা। ২০১৩ সালে চার দেশের মধ্যে বিসিআইএম নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। একই বছর কুনমিংয়ে চার দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। ২০১৪ সালে বাংলাদেশেও এই উদ্যোগ নিয়ে আলোচনা এগোয়। কিন্তু সীমান্ত বিরোধের জেরে বেইজিং–নয়াদিল্লির সম্পর্কের অবনতি, চীনের অঞ্চল ও পথের উদ্যোগ (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ–বিআরআই) নিয়ে ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত বিসিআইএম আলোর মুখ দেখেনি। লক্ষণীয় বিষয় হলো, বিসিআইএম উদ্যোগটি একেবারে বাদ দেওয়া হয়নি। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী চীন সফর করেন। এই সফরে দুই দেশের যৌথ বিবৃতিতে বিসিআইএমের গুরুত্ব স্বীকার করা হয়। উদ্যোগটি এগিয়ে নিতে যোগাযোগসহ সমন্বয় বাড়ানোর কথা বলা হয়। ২০২৫ সালের মার্চে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরে আঞ্চলিক যোগাযোগ ও বিআরআই নিয়ে আলোচনা হয়েছিল। বেইজিংয়ের এবারের প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ভারতকে বাইরে রেখে তিন দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগের একটি কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে। ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন কিয়াউকফিউ চীনের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে চীনের গভীর সমুদ্রবন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে। চীন–মিয়ানমারের মধ্যে বিদ্যমান তেল ও গ্যাস পাইপলাইনও কিয়াউকফিউ বন্দরের সঙ্গে যুক্ত। এই নেটওয়ার্কের সঙ্গে এবার বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা সামনে এনেছে চীন। প্রাথমিকভাবে কিয়াউকফিউ থেকে সমুদ্রপথে বাংলাদেশের বন্দরের সঙ্গে পরিবহনব্যবস্থা গড়ে তোলার বিষয়টি এগিয়ে নিতে চাইছে চীন। তবে বাংলাদেশের কোন বন্দর ব্যবহার করা হবে, কত ঘন ঘন জাহাজ চলাচল করবে, কী পরিমাণ পণ্য পরিবহন করা হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তা ছাড়া এই ব্যবস্থার অর্থনৈতিক সম্ভাব্যতাও স্পষ্ট নয়। এখানে দুটি বিষয় আলাদা করে দেখা জরুরি। এক. কুনমিং থেকে কিয়াউকফিউ পর্যন্ত স্থলভিত্তিক যোগাযোগব্যবস্থা পুরোপুরি কার্যকর করা। দুই. কিয়াউকফিউ থেকে সমুদ্রপথে বাংলাদেশে পণ্য আনা–নেওয়া। দ্বিতীয়টির ভবিষ্যৎ অনেক বেশি নির্ভর করছে মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর। রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং সেখানকার অধিকাংশ জায়গা আরাকান আর্মি দখলে নেওয়ায় চীন–মিয়ানমার–বাংলাদেশ সংযুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েছে। বড় চ্যালেঞ্জ চীন প্রস্তাবিত তিন দেশের এই করিডরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। এর পর থেকে দেশটিতে শুরু হওয়া সংঘাতের বড় প্রভাব পড়েছে এই অঞ্চলে। আরাকান আর্মি রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে কিয়াউকফিউয়ের গুরুত্বপূর্ণ বন্দরসহ চীনা প্রকল্পগুলোর পরিস্থিতি কিছুটা ভিন্ন। চীনের বিনিয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে আরাকান আর্মি এখন পর্যন্ত কিয়াউকফিউয়ের মূল চীনা বন্দর প্রকল্পকে সরাসরি বাধাগ্রস্ত করেনি। কিন্তু এর অর্থ এই নয় যে এলাকাটি ত্রিদেশীয় সংযুক্তির জন্য পুরোপুরি নিরাপদ। চীনের জন্য কিয়াউকফিউ দুটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, কিয়াউকফিউয়ে চীনের বড় ধরনের অর্থনৈতিক ও অবকাঠামোগত বিনিয়োগ রয়েছে। দ্বিতীয়ত, এই বন্দরকে কেন্দ্র করেই বঙ্গোপসাগরের সঙ্গে ইউনানের বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা চীনের। ফলে চীনের জন্য একদিকে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি, আবার রাখাইনের এই মুহূর্তের নিয়ন্ত্রক আরাকান আর্মির সঙ্গে সমঝোতার পরিবেশ বজায় রাখাও দরকার। সম্প্রতি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সফরের সময় এই প্রতিবেদকের সঙ্গে প্রাদেশিক পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তার আলাপ হয়। এই আলাপে চীন প্রস্তাবিত নতুন করিডর নিয়ে বেইজিংয়ের আগ্রহের পাশাপাশি রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে আসে। ইউনানের প্রাদেশিক পররাষ্ট্র দপ্তরের উপমহাপরিচালক ওয়েন শিসাং প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত বাংলাদেশ-চীন-মিয়ানমার (বিসিএম) অর্থনৈতিক করিডর তিন দেশের একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে বেইজিং। এই অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে সব পক্ষই উপকৃত হবে। চীন নিজেও জানে, শুধু অবকাঠামো নির্মাণ করলেই এই করিডর কার্যকর হবে না। এর জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা। এ প্রেক্ষাপটে করিডর বাস্তবায়নে রাখাইন পরিস্থিতিসহ অন্যান্য চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে ওয়েন শিসাং বলেন, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরের অনেক সম্ভাবনা আছে। আবার কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। বিশেষ করে রাখাইনের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি। এ প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা অপরিহার্য। এ ধরনের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে হলে সবার আগে নীতিগত অবস্থান ঠিক করা প্রয়োজন। এটি বাস্তবায়ন করতে হলে সব পক্ষকেই কার্যকরভাবে গুরুত্ব দিয়ে উদ্যোগ নিতে হবে। ভূরাজনীতি চীনের প্রস্তাবটি শুধু বাংলাদেশ ও মিয়ানমারের অর্থনৈতিক যোগাযোগের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতি। বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত যোগাযোগ বাড়ার বিষয়ে গুরুত্বের সঙ্গে নজর রাখছে ভারত। গত ৩ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছিলেন, প্রতিবেশী দেশগুলোর এসব উন্নয়ন ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে চীন জানিয়েছে, ভারত চাইলে এই করিডরে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরীয় অঞ্চলে জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ রয়েছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিগ-বি উদ্যোগে দেশটির বিনিয়োগ রয়েছে। আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য ও যোগাযোগ বাড়লে জাপান অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি বাড়ার বিষয়টি দেশটির কৌশলগত বিবেচনায় আসবে। ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্বেগ আছে। বাংলাদেশের করণীয় চীনের প্রস্তাব এখনো মূল্যায়ন করছে বাংলাদেশ। গত জুনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবের পর বিভিন্ন পর্যায়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। জুলাইয়ে ঢাকায় চীনের তৎকালীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্যোগটিকে প্রাথমিক পর্যায়ের বলে উল্লেখ করেছিলেন। পরবর্তী সময়ে চীনা প্রতিনিধিদলের ঢাকা সফরসহ দুই দেশের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সবশেষ ৪ নভেম্বর চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের ঢাকা সফরে করিডরের বিষয়টি আলোচনায় আসে। তবে এখন পর্যন্ত এই করিডরের কোনো চূড়ান্ত রুট, নির্মাণচুক্তি কিংবা বাস্তবায়নের সময়সূচি ঘোষণা করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য এখন প্রথম কাজ হলো প্রস্তাবটির পূর্ণাঙ্গ অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাব্যতা যাচাই করা। কিয়াউকফিউ থেকে বাংলাদেশের কোন বন্দরে পণ্য আনা–নেওয়া সবচেয়ে লাভজনক হবে, পরিবহন ব্যয় কত হবে, ফিডার ভেসেলের ভাড়া ও বন্দরের চার্জ কত পড়বে—এসব হিসাব করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, এই করিডর শুধু চীনের পণ্য পরিবহনের সুযোগ তৈরি করবে না; বাংলাদেশের রপ্তানি পণ্যও যেন সমানভাবে এই যোগাযোগব্যবস্থা ব্যবহার করতে পারে। রাখাইনের সংঘাতসহ রোহিঙ্গা সংকটও বাংলাদেশের বিবেচনায় থাকা প্রয়োজন। নতুন উদ্যোগটি রাখাইনের বিভিন্ন পক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করতে পারে কি না, তা–ও ভেবে দেখা যেতে পারে। সব মিলিয়ে চীনের প্রস্তাব বাংলাদেশের সামনে আঞ্চলিক যোগাযোগের একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে। কিন্তু একটি অর্থনৈতিক করিডর শুধু মানচিত্রে পথ নির্ধারণ করে গড়ে তোলা যায় না। এর জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, অর্থনৈতিক সম্ভাব্যতা ও সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা। এখন বাংলাদেশের প্রধান কাজ হচ্ছে, প্রস্তাবটির বাস্তবতা যাচাই করে নিজের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ নিশ্চিত করা। এখান থেকে বাংলাদেশের প্রাপ্তি কতটা হবে, শেষ পর্যন্ত তা নির্ভর করবে এই উদ্যোগের সঙ্গে ঢাকা কীভাবে যুক্ত হচ্ছে তার ওপর।


হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেটে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেটে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে বেলা ১২টা ১ মিনিটে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে। ট্রাইব্যুনালে আনার সময় জিয়াউল আহসানের হাতে হাতকড়া, শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। অন্য আসামিদেরও একই নিরাপত্তাব্যবস্থায় হাজতখানায় নেওয়া হয়। তবে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া বাকি আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। আজ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এ মামলায় মোট আসামি ৪১ জন। ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। আদালত প্রাঙ্গণে আনার সময় হাসানুল হক ইনু, আবদুল লতিফ সিদ্দিকীসহ প্রায় সব আসামির মুখেই গাম্ভীর্য দেখা যায়। তবে ব্যতিক্রম ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু; তার মুখে স্বাভাবিক হাসি দেখা গেছে। মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মোট দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।


সন্তান না হওয়ায় ভাঙল সংসার: তিন শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, স্বনির্ভর হতে চান ইতি

সন্তান না হওয়ায় ভাঙল সংসার: তিন শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, স্বনির্ভর হতে চান ইতি

সন্তান না হওয়ায় সাত বছরের সংসার ভাঙার পর দেশ ও বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন বরিশালের হিজলা উপজেলার জান্নাতুল ইতি আক্তার। সম্প্রতি স্থানীয় এক সালিসে স্বামীর পা জড়িয়ে ধরে সংসার টিকিয়ে রাখার আকুতি জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে বিপুলসংখ্যক মানুষের সহানুভূতি ও বিয়ের প্রস্তাব পেলেও এখনই নতুন করে সংসার বাঁধার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইতি। মানসিক বিপর্যয় কাটিয়ে বর্তমানে নিজের পায়ে দাঁড়ানো এবং আত্মনির্ভরশীল হওয়াকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের রিকিম আলী সরদারের মেয়ে জান্নাতুল ইতি আক্তারের সঙ্গে মেহেন্দীগঞ্জের বাবনেরচর গ্রামের বাসিন্দা ও পোশাকশ্রমিক রনি খানের বিয়ে হয়। ইতি ও তাঁর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নিঃসন্তান হওয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো এবং একপর্যায়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরিবার জানায়, চিকিৎসকেরা আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতির মাধ্যমে চিকিৎসার পরামর্শ দিলে ইতির বাবা জমি বিক্রি ও বন্ধক রেখে এবং ঋণ নিয়ে চিকিৎসার ব্যয় বহনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু স্বামী রনি খান তাতে সম্মত হননি। সবশেষ ৭ নভেম্বর রাতে মাসকাটা গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের উপস্থিতিতে এক সালিস বৈঠক বসে। সেখানে ইতি স্বামীর পা ধরে সংসার না ভাঙার অনুরোধ জানালেও রনি খান নিজের সিদ্ধান্তে অনড় থেকে বিবাহবিচ্ছেদ কার্যকর করেন। সালিসের ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ইতির ভাই জুলহাস সরদার জানান, ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে ফেসবুক, মোবাইল ফোন ও সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের পরিবারের কাছে তিন শতাধিক বিয়ের প্রস্তাব এসেছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে রনি খান আবার ইতিকে ফিরিয়ে নিয়েছেন বলে একটি তথ্য ছড়িয়ে পড়লেও ইতির পরিবার সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া গুঞ্জন বলে নিশ্চিত করেছে। বর্তমান মানসিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জান্নাতুল ইতি আক্তার বলেন, ‘আমি এখন মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছি। তাই বিয়ে নিয়ে এখন আর কোনো কথা বলতে বা এই দিকে এগোতে চাচ্ছি না। সবার কাছে আমার একটাই অনুরোধ—আমার সাথে যা হয়েছে, তা যেন আর কোনো নারীর সাথে না ঘটে।’ তিনি জানান, ভবিষ্যতে কখনো জীবনসঙ্গী নির্বাচনের সুযোগ এলে তিনি এমন কাউকে বেছে নেবেন, যিনি তাঁর পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকবেন এবং মানসিক চাপ দেবেন না। আপাতত অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নিজের পায়ে দাঁড়াতে চান তিনি। ইতির বাবা রিকিম আলী সরদার বলেন, মেয়ের সুখের আশায় তিনি জমি বন্ধক রেখে ও কৃষিঋণ নিয়ে জামাইয়ের সংসারে সাধ্যমতো সহায়তা করেছেন। এরপরও সংসার ভেঙে যাওয়ায় পরিবার হতাশ। তবে মেয়ের পরবর্তী জীবনের সিদ্ধান্তের বিষয়ে ইতির মতামতকেই চূড়ান্ত হিসেবে মেনে নেবে পরিবার।


কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ফরহাদ (৪১) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ফরহাদ টাঙ্গাইল জেলার সদর উপজেলার শালিনাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সোমবার ভোরে কারাগারে ফরহাদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ভোর পৌনে ৪টার দিকে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর ২০১৯ সালের ২৬ আগস্ট ফরহাদকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল। সিনিয়র জেল সুপার মো. আব্দুল্লাহ আল মামুন আরও জানান, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে কারা বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি  ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন সহ ৮ দফা দাবিতে ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন সহ ৮ দফা দাবিতে ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন পৃথক অভিযান: ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন পৃথক অভিযান: ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন

টেকনাফে ৩৬ শতক পৈতৃক জমি জবরদখলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

টেকনাফে ৩৬ শতক পৈতৃক জমি জবরদখলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

কলমাকান্দায় ২ কিলোমিটার কাঁচা সড়ক তরুণদের স্বেচ্ছাশ্রমে সংস্কার

কলমাকান্দায় ২ কিলোমিটার কাঁচা সড়ক তরুণদের স্বেচ্ছাশ্রমে সংস্কার