দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ম্যাচ শেষে ‘হার্ডেস্ট ওয়ার্কিং প্লেয়ার’ বা সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের স্বীকৃতি দেওয়া হয়েছে লিটন দাসকে। ব্যাটিং-উইকেটকিপিং দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
যদিও শেষ পর্যন্ত ৯ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।
প্রথম ইনিংসে ১৭৯ বলে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১৪টি চার ও একটি ছক্কায় সাজানো তার ইনিংসটি। তাওহীদ হৃদয়ের সঙ্গে ষষ্ঠ উইকেটে ২০৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন লিটন। এই জুটির ওপর ভর করেই প্রথম ইনিংসে ৪০০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
ব্যাট হাতে সাফল্যের পাশাপাশি উইকেটের পেছনেও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন লিটন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিংসহ মোট আটটি ডিসমিসাল করেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি ও আটটি ডিসমিসালের কীর্তি গড়া প্রথম উইকেটকিপারও হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার।
ব্যাটিং ও উইকেটকিপিংয়ে এমন ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই ম্যাচ শেষে ‘হার্ডেস্ট ওয়ার্কিং প্লেয়ার’ নির্বাচিত হন লিটন। দলের পরাজয়ের দিনেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল হয়ে থাকল তার পারফরম্যান্স।
উল্লেখ্য, বৃহস্পতিবার জোহানেসবার্গ টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনেই শেষ হয় ম্যাচ। বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করে ৯ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
মতামত