বিয়ে করেছেন। সংসারও করছেন। কিন্তু জীবনের সবচেয়ে খরুচে সম্পর্ক কোনটি, জিজ্ঞেস করলে হয়তো একটু অপ্রত্যাশিত উত্তরই দেবেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের দাবি, তাঁর জীবনের সবচেয়ে ব্যয়বহুল সম্পর্কের নাম বিরাট কোহলি!
না, কোনো প্রেমের গল্প নয়। এখানে আবেগ আছে, বন্ধুত্ব আছে, আছে একধরনের বিলাসী নেশা। আর সেই নেশার নাম দামি ঘড়ি। ডু প্লেসির ভাষায়, কোহলি হলেন ‘দ্য ওয়াচ গাই’। অর্থাৎ এমন একজন মানুষ, যাঁর সঙ্গে কয়েক মিনিট কাটালেই ঘড়ির প্রতি ভালোবাসা বেড়ে যেতে বাধ্য। সমস্যা হলো, সেই ভালোবাসার মাশুল দিতে হয় নিজের পকেট থেকে!
ইএসপিএনক্রিকইনফোর একটি অনুষ্ঠানে সতীর্থ ডেল স্টেইনের সঙ্গে আলাপচারিতায় ডু প্লেসি বলেছেন, ‘বিরাট কোহলির সঙ্গে কয়েক মিনিট সময় কাটালেই ঘড়ি সম্পর্কে বুঝতে শুরু করবেন। সে ঘড়ি কেনার পাগল! দ্য ওয়াচ গাই। এত ঘড়ি কেনে, আর তার হাতেও অনেক বেশি টাকা!’
কথাটা শুনে ডেল স্টেইন একটু ভিন্ন যুক্তি দিলেন। কোহলি তো ক্রিকেটের মহাতারকা। উপহার হিসেবেও নিশ্চয়ই অনেক দামি ঘড়ি পান। সব ঘড়ি কি আর নিজের টাকায় কেনেন? ডু প্লেসি অবশ্য সেই যুক্তি মানতে নারাজ। তাঁর সোজাসাপটা উত্তর, ‘না, না, সে নিজেই কেনে!’
এরপরই বেরিয়ে এল কোহলির ঘড়ির নেশার আসল গল্প। ডু প্লেসি জানালেন, বিশ্বের সবচেয়ে ভালো এবং দুর্লভ ঘড়ির বিশাল সংগ্রহ আছে কোহলির। এমন সব ঘড়ি, যেগুলো পাওয়া সহজ নয়। সুইজারল্যান্ডের নামী সব ব্র্যান্ডের ঘড়ি তাঁর সংগ্রহে। রোলেক্স, পাতেক ফিলিপ, অদেমার পিগে, কার্তিয়ে, পানারাই। তালিকাটা বেশ লম্বা। কোহলি কোথাও ঘুরতে গেলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিলেন, ব্যস! ঘড়িপ্রেমীদের শুরু হয়ে যায় গবেষণা। হাতে কোন ব্র্যান্ডের ঘড়ি? মডেল কী? দাম কত? সংগ্রহে নতুন কী যোগ হলো? তাঁর ভ্রমণের ছবিও যেন ঘড়ির প্রদর্শনী!
এই ঘড়ির নেশাই ডু প্লেসিকে বিপদে ফেলেছে। একসময় তাঁর মনে হতো, একটা ঘড়ির পেছনে এত টাকা খরচ করার কোনো মানে হয় না। কিন্তু কোহলির সঙ্গে মিশতে মিশতে সেই ধারণা বদলে গেছে। এখন নিজের সিদ্ধান্তের জন্য আফসোসও হয়। ডু প্লেসির কথায়, ‘একটা সময় আমার মনে হতো, ভাই, একটা ঘড়ির পেছনে এত টাকা খরচ করা যায় নাকি! এরপর আমার জীবনের সবচেয়ে খরুচে সম্পর্ক তৈরি হলো ওর সঙ্গে। কারণ, ও আমাকে এমন সব ঘড়ি কিনিয়েছে, যেগুলো আমার কোনো দিনই কেনা উচিত হয়নি। কখনোই না, কখনোই না, কখনোই না!’
বন্ধুত্বের মাশুল তাহলে ভালোই দিতে হচ্ছে ডু প্লেসিকে। অবশ্য কোহলি ও ডু প্লেসির সম্পর্কটা শুধু ঘড়ি কেনাবেচার নয়। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন দুজন। সেই সময় দলটির অধিনায়কত্ব পান ডু প্লেসি। কোহলিকে সরিয়েই তাঁকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। ২০২৫ মৌসুমের আগে ডু প্লেসিকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। পরে তিনি খেলেন দিল্লি ক্যাপিটালসে। ২০২৬ আইপিএলের জন্য অবশ্য নিলামে নাম লেখানোর সিদ্ধান্ত নেননি দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
মতামত