মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গভীর রাতে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজ্যের সেনাইয়ের তামান দেসা ইদামান এলাকার কয়েকটি আবাসিক ভবনে পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২০৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৭ জন নারী রয়েছেন।
জোহর রাজ্য অভিবাসন বিভাগ এবং মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জোহর রাজ্য অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে ২০ থেকে ৫৬ বছর বয়সি মোট ৫৪৩ জন বিদেশি নাগরিকের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২০৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন।
তিনি জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। তাদের অনেকের কাছে কোনো পরিচয়পত্র বা বৈধ ভ্রমণ নথি ছিল না; আবার কেউ কেউ মালয়েশিয়ায় অবস্থানের অনুমোদিত মেয়াদ অতিক্রম করেছেন।
অভিযানকে কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়। বিদেশিদের চলাচল পর্যবেক্ষণ এবং সম্ভাব্য পালানোর পথ শনাক্ত করতে ড্রোন মোতায়েন করে আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হয় বলে জানান লোকমান এফেন্দি।
তিনি আরও জানান, অভিযানের সময় একটি আবাসিক ইউনিটে তল্লাশি চালানো হয়, যা সংস্কার করে বিদেশি নাগরিকদের বিনোদনমূলক কর্মকাণ্ডের স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আটক ২০৫ জনকে অধিকতর তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জোহরের সেটিয়া ত্রোপিকায় অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে জোহর রাজ্যের আবাসন ও স্থানীয় সরকারবিষয়ক নির্বাহী পরিষদের চেয়ারম্যান দাতুক মোহাম্মদ জাফনি মোহাম্মদ শুকর এক বিবৃতিতে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের আনাগোনা রয়েছে এমন চিহ্নিত এলাকাগুলোতে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের অভিযোগ পেলে নজরদারি আরও বাড়ানো হবে।
তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজির ঘোষিত ‘মাজু জোহর’ উন্নয়ন কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো নাগরিকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।
মতামত