প্রায় দুই মাস আগে নারায়ণগঞ্জের বন্দরের একটি পুকুরে কুমিরের দেখা মিলেছিল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পায়নি বন বিভাগ। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়।
এর মধ্যে গত মঙ্গলবার বিকেলে বন্দরের মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে কুমিরটির দেখা মেলে। এরপর সেটি উদ্ধারে অভিযান শুরু করে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ফায়ার সার্ভিস। অবশেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে প্রায় আট ফুট লম্বা কুমিরটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বন্দরের মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জি পাড়া এলাকার একটি পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর কুমিরটি উদ্ধারে স্থানীয়ভাবে দুটি পাম্প এবং ফায়ার সার্ভিসের একটি পাম্প দিয়ে পুকুরের পানি নিষ্কাশন করা হয়। পরে পানি কমে গেলে জাল ফেলে কুমিরটি উদ্ধার করা হয়েছে।
বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, বন্দরের তিনগাঁও এলাকায় যে কুমিরটি দেখা গিয়েছিল, সেই কুমিরটি উদ্ধার করা হয়েছে। গত চারদিন পুকুরের পানি নিষ্কাশন করে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, কুমিরটি প্রায় আট ফুট লম্বা। চার দিনের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর এটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় অভিযান সফল হয়েছে। কুমিরটিকে সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। তবে সেটির অবস্থান শনাক্ত করতে না পারায় অভিযান সফল হয়নি। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল উপজেলা প্রশাসন।
মতামত