পঞ্চগড়ে সমতল অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (৬) ড. কে এম আলমগীর কবির। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন।
সভায় জেলার পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তাঁরা নিজেদের বিভিন্ন সমস্যা, সংকট ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধান অতিথি এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য বসতঘর নির্মাণ, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ এবং শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. কে এম আলমগীর কবির বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা, যাতে উন্নয়নের ধারায় কোনো মানুষ পিছিয়ে না থাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কথা শুনতে এবং তাঁদের সমস্যাগুলো সরাসরি জানতে তিনি পঞ্চগড়ে এসেছেন। প্রধানমন্ত্রী নিজেও তাঁদের খোঁজখবর নেওয়ার উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আমাদের জাতিসত্তারই অংশ। তাঁদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। আগের মতো বড় উদ্যোগের নামে লুটপাটের সুযোগ আর থাকবে না। বিদেশে অর্থ পাচারের সুযোগও নেই। বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে চায়।
সভা শেষে পঞ্চগড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সার্বিক পরিস্থিতি ও সমস্যা সম্পর্কে সরাসরি খোঁজখবর নিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান অতিথি।
মতামত