রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সরকারি অ্যাম্বুলেন্সটি একটি চাকার অভাবে প্রায় এক মাস ধরে অচল হয়ে পড়ে আছে। ফলে জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁদের স্বজনেরা। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের অতিরিক্ত ভাড়া দিয়ে মালিকানাধীন বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি হাসপাতালের গ্যারেজে পড়ে রয়েছে। প্রয়োজনীয় চাকা সংযোজন না করায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি এই জরুরি পরিবহনসেবা।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। উপজেলার প্রায় সোয়া দুই লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা এই সরকারি হাসপাতাল। প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৪০০ রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে অনেক রোগীকে জরুরি অস্ত্রোপচারসহ উন্নত চিকিৎসার প্রয়োজনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করতে হয়।
কিন্তু হাসপাতালের একমাত্র সরকারি অ্যাম্বুলেন্সটি গত ২৮ অক্টোবর থেকে অচল থাকায় রেফার্ড করা রোগীদের পরিবহন নিয়ে বিপাকে পড়ছেন স্বজনেরা। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে মালিকানাধীন বেসরকারি অ্যাম্বুলেন্স কিংবা অন্য যানবাহনে রোগীদের গন্তব্যে নিতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে।
হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক মোঃ নাসির হোসেন জানান, সর্বশেষ গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করা এক রোগীকে সরকারি অ্যাম্বুলেন্সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গোয়ালন্দে ফেরার পথে অ্যাম্বুলেন্সটির সামনের একটি চাকা হঠাৎ ফেটে যায়। এরপর থেকেই অ্যাম্বুলেন্সটি অচল হয়ে পড়ে আছে। এটি পুনরায় সচল করতে নতুন চাকা সংযোজন করা প্রয়োজন। নতুন চাকা লাগানো হলে অ্যাম্বুলেন্সটি আবারও রোগী পরিবহনে ব্যবহার করা সম্ভব হবে বলে জানান তিনি।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ রোমেল হাসান অ্যাম্বুলেন্সটি অচল থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, "চাকা নষ্ট হওয়ায় সরকারি হাসপাতালের গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্সটি বর্তমানে অচল রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু নতুন চাকা কেনা ও সংযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এখনো পাওয়া যায়নি। ফলে অ্যাম্বুলেন্সটি সচল করা সম্ভব হচ্ছে না। এ কারণে হাসপাতাল থেকে রেফার্ড করা রোগীদের আমরা সরকারি অ্যাম্বুলেন্সসেবা দিতে পারছি না।"
স্থানীয়দের মতে, উপজেলা পর্যায়ের একমাত্র সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স দীর্ঘদিন অচল থাকা অত্যন্ত উদ্বেগজনক। জরুরি মুহূর্তে রোগী পরিবহনে সামান্য বিলম্বও বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তাই দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে অ্যাম্বুলেন্সটি সচল করার দাবি জানিয়েছেন তাঁরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সরকারি অ্যাম্বুলেন্সটি আবারও সচল হবে এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।
মতামত