রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে ৫টি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটার বন্দুক, ৫টি কার্তুজ ও ৩ রাউন্ড গুলিসহ মোঃ জালাল প্রামানিক ওরফে জাকির ওরফে হালিম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র কেনাবেচায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে রাজবাড়ী সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার জালাল প্রামানিক রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার চর দেলুন্দি গ্রামের মৃত আবজাল ওরফে আয়নাল প্রামানিক ও খোদেজা বেগমের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দুটি হত্যা ও একটি অস্ত্র মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার বড় বাজার ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সদর থানার উরাকান্দা বিচ (ইউকে বিচ)-এর উত্তর পাশে গোদার বাজার ঘাট থেকে অন্তর মোড়গামী বেড়িবাঁধের ওপর কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ১০ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে অভিযানিক দলের সদস্যরা তাকে আটক করেন। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায় মোঃ জালাল প্রামানিক হিসেবে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে কাঠের বাট ও বডিযুক্ত ১২ বোরের ফায়ারিং পিনযুক্ত দুটি এবং কাঠের বাটযুক্ত ফায়ারিং পিন ও ম্যাগাজিন সংবলিত আরও একটি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটার বন্দুক উদ্ধার করা হয়।
এ ছাড়া তার পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কৌশলে রাখা ১২ বোরের পাঁচটি কার্তুজ ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত একটি কালো রঙের মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন রাজবাড়ী সদর থানার উরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও দুটি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটার বন্দুক উদ্ধার করা হয়।
সব মিলিয়ে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে পাঁচটি দেশীয় তৈরি ওয়ান শুটার বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে দুটি পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত