লালমাইয়ে অটোরিকশা চুরির মামলায় কারাগারে আলমগীর; পরিবারের দাবি, জমিজমা বিরোধের জেরে মিথ্যা মামলা
নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বেতাগাঁও গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনকে অটোরিকশা চুরির একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে তার পরিবারের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং দীর্ঘদিনের পারিবারিক ও জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিবেশী আবুল কাসেমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধ চলে আসছে। সেই বিরোধের ধারাবাহিকতায় আলমগীর হোসেনকে অটোরিকশা চুরির মামলায় আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার আগে আবুল কাসেম শহরে অটোরিকশা চালাতেন। এক রাতে তার অটোরিকশা চুরি বা ছিনতাই হয়েছে বলে তিনি এলাকায় জানান। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় প্রতিবেশী আলমগীর হোসেনকে আসামি করা হয়। ঈদুল আজহার আগের রাতে লালমাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং এখন পর্যন্ত জামিন পাননি।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, আলমগীর হোসেন একজন সহজ-সরল, ধর্মপ্রাণ ও সৎ মানুষ। অবসর জীবনে তিনি বেতাগাঁও মাদ্রাসা জামে মসজিদে বিনা পারিশ্রমিকে খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাদের দাবি, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা সামনে আসবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আদালতের কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থায় আলমগীর হোসেনের কান্নারত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, স্থানীয়দের একটি অংশ আবুল কাসেম ও তার স্ত্রীর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ এবং মিথ্যা মামলার মাধ্যমে মানুষকে হয়রানির অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, ঘটনাটি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।
মতামত