ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া মডেল স্কুলে ‘অভিভাবক সম্মেলন-২০২৬’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালে সরকারি ও বেসরকারি বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধনা জানানো হয়।
বিদ্যালয়ের সভাপতি ও গড়েয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ কবির আহমাদ হুমায়ূন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়েয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ১ নম্বর গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজওয়ানুল ইসলাম রেদো শাহু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল হোসেন (রেনু), ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মো. ওয়াহেদ আলী খান, গড়েয়া মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস রহমান, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আফতাব উদ্দীন, ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী গুঞ্জরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শওকত এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বি. কে. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) মো. আনারুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত পড়াশোনা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষকদের আন্তরিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।
অভিভাবক সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের অগ্রগতি এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান ও শতভাগ পাসের সাফল্যের প্রশংসা করেন এবং গড়েয়া মডেল স্কুলের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মতামত