নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক জরিমানা আদায় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর এবং POS মেশিন ও Bangla QR বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (বিজনেস) বিভাগের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আমিরুল ইসলাম।
কর্মশালায় ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক জরিমানা আদায়, POS মেশিনের ব্যবহার, Bangla QR-এর মাধ্যমে অর্থ পরিশোধের নিয়ম এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা আদায় প্রক্রিয়া আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও আধুনিক হবে। নগদ অর্থ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হবে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতামত