কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ ও প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছসহ ২০ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকেল ৫টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের প্রায় ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দসহ বোটে থাকা ২০ জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। এতে সামুদ্রিক পরিবেশ, বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ বাধাগ্রস্ত হচ্ছে।
পরে কক্সবাজারের প্রবাসী কল্যাণ শাখা ও পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। অপর ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। উদ্ধার করা হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সামুদ্রিক পরিবেশ, বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত