মানিকগঞ্জে যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি ও ট্রাককে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাস ও ভ্যানের যাত্রীসহ অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন অবস্থা গুরুতর।
আজ সোমবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাস আকিজ টেক্সটাইলের সামনে পৌঁছালে হঠাৎ এর সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। পরে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে।
এতে বাস ও ভ্যানের যাত্রীসহ আটজন আহত হন। তাঁদের মধ্যে তিনজন গুরুতর আহত হওয়ায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ক্ষতিগ্রস্ত ভ্যানচালক বা যাত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মতামত