তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দলটির দেউলিয়াত্ব প্রমাণ করে। গোপালগঞ্জ ছাড়া আর কোথাও তারা কিছু করতে পারছে না।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনও সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, ‘জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও তাদের শিক্ষা হয়নি।’
এ সময় সরকার নিবন্ধিত ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে এ খাতের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, অনুমোদন ছাড়া নিউজ পোর্টাল না দেওয়া, নিবন্ধিত পোর্টালে সরকারি বিজ্ঞাপনের প্রজ্ঞাপন দেওয়া, কেবল অনলাইনের জন্য নবায়ন ফি বন্ধ এবং অফিসের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়েছে।
মতামত