আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ তিন দফা দাবিতে শ্রমিকদের কর্মবিরতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। টানা কয়েক দিনের আন্দোলনের জেরে এলাকায় এখন অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
আজ রোববার সকালে পাঁচ কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বসে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে যান।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে কয়েক দিন ধরে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা আন্দোলন ও বিক্ষোভ করছেন। এ কারণে বেশ কিছু কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ডের কার্যক্রম চলমান। তবে বিষয়টি অনেক শ্রমিকই জানেন না। অজ্ঞতার কারণেই অনেক শ্রমিক আন্দোলনে অংশ নিচ্ছেন।
খাইরুল মামুন মিন্টু আরও বলেন, ক্রমাগত শ্রমিক অসন্তোষের কারণে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। এতে শ্রমিকেরাই ক্ষতিগ্রস্ত হবেন, কারণ কাজ না করলে তাঁরা মজুরি পাবেন না। আন্দোলন না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। মালিকপক্ষকে শ্রমিকদের প্রতি আরও সদয় হওয়ার পরামর্শও দেন তিনি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে পাঁচটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। তবে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মতামত