ছিনতাইয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাং সদস্যরা গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে ছয়টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে দরজা-জানালা, টিনের বেড়া কুপিয়ে তছনছ ও বাড়ির সদস্যদের আহত করেছে বলেও দাবি করা হয়েছে।
এ ঘটনায় কৃষক ছফির উদ্দিন ফকিরের ছেলে সজীব ফকির বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
কৃষক পরিবারের অভিযোগ, টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার আতাউল্লাহর ছেলে মারুফ ও সাকিবের নেতৃত্বে একটি কিশোর গ্যাং বাড়ির পাশের খোলা মাঠে নিয়মিত অবস্থান করে। গতকাল শনিবার দিনের বেলায় ওই গ্যাং গার্মেন্টস কারখানার শ্রমিকদের মুঠোফোন ছিনতাই করে।
অভিযোগে বলা হয়, এসব ঘটনার জের ধরে গতকাল রাতে কৃষক ছফির উদ্দিনের সঙ্গে সাকিব ও মারুফের কথাকাটাকাটি হয়। পরে তাঁর দুই ছেলেকে মারধর করে তাঁদের বাড়িতে হামলা চালানো হয়।
বাদী সজীব ফকির বলেন, ‘কিশোর গ্যাং লিডার সাকিবের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল প্রথমে এসে ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর একে একে ছয়টি বসতবাড়িতে হামলা চালিয়ে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে ঘরের দরজা-জানালা কুপিয়ে তছনছ করে।’
সজীব ফকির আরও বলেন, ‘এ সময় এগিয়ে গেলে হামলাকারীরা আমার দুই ভাইকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। বিভিন্ন বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে আমরা খুবই আতঙ্কিত রয়েছি।’
ভুক্তভোগী কাজল ফকির বলেন, ‘রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ বসতবাড়ির দরজায় শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ডাকচিৎকার শুরু করলে হামলাকারীরা জানে মেরে ফেলার হুমকি দেয়। ভয়ে বসতঘর থেকে কেউ বের হয়নি। এ সময় বাসার মূল ফটকসহ দরজা-জানালা কুপিয়ে তছনছ করে তারা।’
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, এই কিশোর গ্রুপের আতঙ্কে আশপাশের এলাকার মানুষ উদ্বিগ্ন। সন্ধ্যার পর তাদের হাতে অসংখ্য গার্মেন্টস কর্মী নির্যাতনের শিকার হন। কর্মস্থলে আসা-যাওয়ার পথে ওই চক্র মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি। প্রতিবাদ করলে মারধর এবং স্থানীয়রা প্রতিবাদ জানালে বসতবাড়িতে হামলা চালানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
মতামত