নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া সুইচগেট এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় ৫০টি পরিবারের সদস্যরা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি। এ ঘটনায় দ্রুত রাস্তা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, উকিলপাড়া সুইচগেট সংলগ্ন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে মৃত বাদশা হোসেনের বাড়ির পাশ দিয়ে চলাচল করে আসছেন। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই পথটি স্থানীয়দের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন এই রাস্তা দিয়ে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন।
তবে গতকাল হঠাৎ করেই মৃত বাদশা হোসেনের ওয়ারিশরা ওই চলাচলের পথে ইটের গাঁথুনি নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, তারা বাধা দেওয়ার চেষ্টা করলেও রাস্তা বন্ধের কাজ বন্ধ করা হয়নি। ফলে দীর্ঘদিনের ব্যবহৃত পথটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।
ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫০টি পরিবারের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যাতায়াত, জরুরি প্রয়োজনে রোগী পরিবহন এবং দৈনন্দিন চলাচলে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। বিকল্প পথ না থাকায় অনেককে অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে নওগাঁ পৌরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের পথটি ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়ায় স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে পৌরসভার প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসাধারণের চলাচলের পথটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানানো হয়েছে।
এলাকাবাসী জানান, তারা কোনো বিরোধ বা সংঘাত চান না। দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের পথটি পুনরায় উন্মুক্ত করে স্বাভাবিক যাতায়াতের সুযোগ চান। জনদুর্ভোগ নিরসনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে নওগাঁ পৌরসভার প্রশাসক টিএম.এ মমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পৌরসভার পক্ষ থেকে অভিযোগ তদন্ত ও শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এখন ভুক্তভোগী পরিবারগুলোর প্রত্যাশা, পৌর কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং দীর্ঘদিনের চলাচলের পথ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করবে।
মতামত