গড়েয়ায় বাবার জন্য ধানের শীষে ভোট চাইলেন ডা. ফাইজা তাসনিম
নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে সদর উপজেলার ১ নম্বর গড়েয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে ধানের শীষ প্রতীকে সর্বস্তরের মানুষের ভোট ও সমর্থন চেয়েছেন তাঁর মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডা. মির্জা ফাইজা তাসনিম। বক্তব্যে তিনি বলেন, "এলাকার সার্বিক উন্নয়ন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করার লক্ষ্য নিয়েই আমার বাবা নির্বাচনে অংশ নিয়েছেন।"
তিনি আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে এলাকার সার্বিক অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে তাঁর বাবাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য উপস্থিত ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সভায় জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী ফরাতুন নাহার প্যারিস সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও এলাকার উন্নয়ন ও শান্তির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত