কর্মক্ষেত্রে ইতিবাচক থাকতে নবীজি (সা.)-এর জীবন থেকে শিক্ষা
লাকসাম কুমিল্লা প্রতিনিধিঃ
কর্মক্ষেত্রে কাজের চাপ, সহকর্মীদের আচরণ কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার সমালোচনার মুখে নিজের মেজাজ ও মানসিক স্থিরতা ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ভিন্ন ভিন্ন স্বভাব, মানসিকতা ও সংস্কৃতির মানুষের সঙ্গে কাজ করতে হয়। ফলে মতের অমিল কিংবা ভুল বোঝাবুঝি থেকে অনেক সময় মনে ক্ষোভ ও অস্বস্তি তৈরি হতে পারে।
এমন পরিস্থিতিতে আমাদের মনে রাখা উচিত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কেমন আচরণ আশা করেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আপনি ধৈর্য ধারণ করুন। আপনার ধৈর্য তো আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। তাদের আচরণে আপনি দুঃখিত হবেন না এবং তারা যে ষড়যন্ত্র করে, তাতে আপনি সংকুচিত বা উদ্বিগ্ন হবেন না। সূরা আন-নাহল: ১২৭।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো দান কাউকে দেওয়া হয়নি। সহিহ বুখারি: ১৪৬৯।
তিনি আরও বলেছেন, যে ব্যক্তি সত্যের ওপর থাকা সত্ত্বেও বিতর্ক পরিহার করে, তার জন্য আমি জান্নাতের প্রান্তে একটি প্রাসাদের জামিন। সুনানে তিরমিজি: ১৯৯৩।
নবীজি (সা.)-এর জীবন থেকে কর্মক্ষেত্রে চারটি শিক্ষা
১. তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেওয়া কেউ সমালোচনা করলে বা কষ্টদায়ক কথা বললে সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে জবাব না দিয়ে কিছুটা সময় নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত।
২. সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রত্যেক মানুষের পরিস্থিতি, মানসিকতা ও সমস্যার ধরন এক নয়। তাই অন্যের ভুলকে শুধু সমালোচনা না করে সহানুভূতির সঙ্গে দেখার চেষ্টা করা উচিত।
৩. আবেগ নিয়ন্ত্রণ করা রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।
৪. ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা অন্যরা যেমন আচরণ করছে, আমরাও তেমন আচরণ করব এটি ইসলামের শিক্ষা নয়। বরং প্রতিকূল পরিস্থিতিতেও সুন্দর আচরণ করে নিজের কর্মস্থলে ইতিবাচক উদাহরণ তৈরি করাই উত্তম।
কর্মক্ষেত্রে সফলতার জন্য শুধু দক্ষতা ও পরিশ্রমই যথেষ্ট নয়; প্রয়োজন ধৈর্য, সংযম, সহমর্মিতা ও সুন্দর আচরণ। মহানবী (সা.)-এর জীবন আমাদের শেখায়—সমালোচনার জবাব সবসময় কথায় দিতে হয় না; অনেক সময় উত্তম আচরণই সবচেয়ে শক্তিশালী জবাব।
শিক্ষা গবেষক ও লেখক: মোঃ সালাউদ্দিন আহমেদ
মতামত