বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে নিবন্ধনের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ ধরনের বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কাজিদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, যৌতুকের বিয়ে আর বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ রেজিস্ট্রার কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। সঠিক বয়স যাচাই-বাছাই করে সঠিকভাবে বিয়ে রেজিস্ট্রি করে বিয়ের অনুষ্ঠানে বর-কনের হাতে বিয়ের কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এসব নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
সামাজিক অবক্ষয় প্রসঙ্গে তিনি বলেন, সুন্দর পোশাক কিংবা আকর্ষণীয় চেহারা দিয়ে মানুষের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় না। অপরাধমুক্ত ও নৈতিকতাসম্পন্ন মানুষই প্রকৃত অর্থে ভালো মানুষ। বর্তমানে সমাজ ও পরিবারে প্রচলিত মূল্যবোধ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তাই শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের নৈতিক ও মানবিক বিকাশ নিশ্চিত করাও জরুরি।
সমাজে অর্থসম্পদের ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারণের প্রবণতার সমালোচনা করে মন্ত্রী বলেন, অর্থের উৎস বিবেচনা না করেই অনেক ক্ষেত্রে বিত্তবানদের সামাজিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। তার উদাহরণ অনুযায়ী, মসজিদের সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও অর্থসম্পদকে প্রাধান্য দেওয়া হলেও সেই অর্থের উৎস যাচাই করা হয় না। ঘুষ কিংবা মাদক ব্যবসার অর্থ দান করে সামাজিক প্রশংসা পাওয়া গেলেও তা দিয়ে নৈতিক মুক্তি সম্ভব নয়। মাদক সেবন ও ইবাদত একসঙ্গে চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে প্রত্যেককে নিজের বিবেককে সবচেয়ে বড় প্রহরী হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।
jwARI.fetch( $( "#ari-image-jw6af93ab9aa2ed" ) );
এ সময় ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কোনো সদস্য মাদক সেবনের সঙ্গে জড়িত থাকলে তাকে স্বেচ্ছায় সংগঠন থেকে সরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।
আন্দোলনটির কার্যক্রমের প্রশংসা করে আসাদুল হাবিব দুলু বলেন, এর লক্ষ্য ও উদ্যোগ দেখে দেশের অন্যান্য জেলার জেলা প্রশাসকেরাও লালমনিরহাট পরিদর্শন করেছেন। তারা নিজ নিজ জেলায় এ ধরনের সামাজিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
jwARI.fetch( $( "#ari-image-jw6af93ab9aa30a" ) );
‘আলোকিত লালমনিরহাট’-এর আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্যসচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস এবং আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।
অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মধ্যে সংগঠনটির নির্ধারিত পোশাক বিতরণ করেন মন্ত্রী। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতামত