ডিসেম্বরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবেই দেখছে সরকার। সামনে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার ও প্রশাসন। পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলার লক্ষ্যে ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি। দলটির মিত্র দল-জোটগুলোও কর্মসূচি দিয়ে মাঠে নামছে। এছাড়া, সারা দেশে নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে প্রশাসন।
সংরক্ষিত নারী আসনের সদস্যসহ বিএনপি দলীয় সংসদ সদস্যরাও নিজ এলাকায় থেকে নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে থাকবেন। গত ৯ নভেম্বর শুরু হওয়া সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশন শেষ হওয়ার পর দলীয় এমপিদের সবাইকে নিজ নিজ নির্বাচনি আসনে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
৯ নভেম্বর অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে সংসদনেতা তারেক রহমান বলেছেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথে আমরা থাকবো। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার।’ দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বিএনপিপ্রধান এ-ও বলেছেন, ‘বিপ্লব ও সংহতি দিবসে আমরা ৭ নভেম্বর রাজপথে ছিলাম। সামনের দিনগুলোতেও আমরা রাজপথেই থাকবো। রাজপথ থেকে আমাদের কেউ সরাতে পারবে না। আপনারাও রাজপথে থাকবেন, যে কোনো ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন।’
মহান বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপির বিশাল র্যালিকে ‘বার্তা’ হিসেবে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ইত্তেফাককে বলেন, ‘যদিও প্রতি বছরই আমরা এ ধরনের র্যালি করে থাকি তারপরেও বলবো চলমান প্রেক্ষাপটে এ ধরনের বিশাল র্যালি অবশ্যই একটি বার্তা। বিএনপি রাজপথে ছিল, আছে, থাকবে। অতীতের মতো সামনের দিনগুলোতে জনগণকে নিয়ে যে কোনো ধরনের নৈরাজ্য রুখে দেবে বিএনপি।’
দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে জননিরপত্তা নিশ্চিতে ও নাশকতা প্রতিরোধে ইতিমধ্যেই ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি এবং যুবদল ও ছাত্রদলসহ দলটির অঙ্গ-সহযোগী-ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো। ‘সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে’ গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।
যুবদলের এই বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে। সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে।’
গতকাল বিকালে রাজধানীর ফার্মগেট হয়ে কাওরান বাজার এলাকায়ও যুবদল-ছাত্রদলকে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। বিএনপির নেতাকর্মীরা সারা দেশেই কয়েক দিন ধরে নিয়মিতভাবে এ ধরনের বিক্ষোভ মিছিল করছেন। অন্যদিকে, নাশকতার সঙ্গে সম্পৃক্ত কিংবা সন্দেহভাজনদের ধরার ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
নাশকতা ও অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে বিএনপির মিত্র দল-জোটগুলোও কর্মসূচি দিয়ে মাঠে নামছে। ‘১২ দলীয় জোট’ আজ রবিবার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে। আর ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ গতকাল ইত্তেফাককে জানান, ‘সন্ত্রাস, জ্বালাও-পোড়াওর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সামনের দিনগুলোতে বিএনপির সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।’
এদিকে, গত বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না। তবে, প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে পতিত শক্তি অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে, মানবাধিকারের সীমারেখার মধ্যেই এসব চক্রান্ত নস্যাৎ করা হবে।’
‘প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’—স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য শুধু কথার কথা নয়। নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িতদের ধরতে দেশব্যাপী তৎপরতা বাড়িয়েছে পুলিশ।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ইতিমধ্যেই নাশকতার ঘটনা নিয়ে ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ উপমহাপরিদর্শকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। তিনি অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। বিশেষ করে, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলায় এবং শিল্পাঞ্চলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন এবং গণগ্রেপ্তারের অভিযোগ যেন না ওঠে—সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনাও দিয়েছেন আইজিপি।
মতামত