হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে বানিয়াচং সদরের শেখের মহল্লা এলাকায় প্রবাসী সাবিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও সাবিন মিয়ার ছেলে বাহরাইনপ্রবাসী তুহিন মিয়া জানান, গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের মুখোশধারী ডাকাতদল তাঁদের বাড়িতে হানা দেয়। এ সময় লোহার গেট ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা। পরে বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে খুলে ফেলে।
একপর্যায়ে ঘরের বিভিন্ন আসবাব ও মালামাল তছনছ করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাতেরা। পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।
তুহিন মিয়ার অভিযোগ, ঘটনার পর বানিয়াচং থানার পুলিশকে জানানো হলেও তাৎক্ষণিকভাবে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সেখান থেকে বিষয়টি থানার পুলিশকে জানানো হয়। এরপর আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
মতামত