পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে নাজমুল হক বিশারু লস্করপাড়া এলাকার জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে যান বলে অভিযোগ ওঠে। বাড়িতে প্রবেশের পরপরই বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় তাঁদের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নাজমুল হক বিশারুকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অভিযোগে আটক হওয়ার পর গণপিটুনিতে নাজমুল হক বিশারু নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত