মদনে জমিয়তে উলামায়ে ইসলামের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোণা) প্রতিনিধি:-নেত্রকোণার মদন উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মদন উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে মদন মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আনোয়ার হোসাইন, সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মদন উপজেলা শাখা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়, ইনসাফ, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক আদর্শভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি, নৈতিকতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা শেষে ৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মদন উপজেলা শাখা।
অনুষ্ঠিতে সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতামত