আখাউড়ায় সন্ত্রাসী ও মাদক কারবারিদের অত্যাচার: হত্যার হুমকিতে আতঙ্কে এক পরিবার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের অন্যায়-অত্যাচার এবং প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে একটি ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা মোঃ মাহফুজ মিয়া লিখিত অভিযোগে জানান, তাঁর প্রতিবেশী ১। মোঃ মেন্টু মিয়া (৫৫), ২। সাইফুল ইসলাম অপু (২৬), ৩। হাসান মিয়া (৩৫), ৪। রনি মিয়া (৪০) এবং ৫। আসিফ মিয়া (২৫)—এদের সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। চক্রটি পরধনলোভী ও অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির হওয়ায় এলাকার সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে।
মাহফুজ মিয়ার অভিযোগ, বিবাদীরা নিয়মিত তাঁর বাড়ির সামনে ও পিছন দিক দিয়ে অবাধে মাদকের চালান আনা-নেওয়া করে। এতে বাধা দেওয়ায় তারা একাধিকবার তাঁকে মারধর এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
সর্বশেষ ঘটনায়, ১নং বিবাদী সেন্টু মিয়ার নেতৃত্বে চক্রটি মাহফুজ মিয়ার বাড়ির পুকুরে থাকা কাঁঠাল গাছসহ অন্যান্য গাছ জোরপূর্বক কাটতে শুরু করে। এতে আনুমানিক ১৫,০০০ (পনেরো হাজার) টাকার ক্ষয়ক্ষতি হয়। গাছ কাটতে বাধা দিলে বিবাদীরা দেশীয় অস্ত্র (দা, কুড়াল) নিয়ে মাহফুজ মিয়াকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। জীবন বাঁচাতে মাহফুজ মিয়া দৌড়ে নিজ ঘরে আশ্রয় নেন। পরবর্তী সময়ে বিবাদীরা দেশীয় অস্ত্র উঁচিয়ে হুমকি দিয়ে বলে, ভবিষ্যতে তাদের কাজে বাঁধা দিলে তাঁকে সপরিবারে কুপিয়ে হত্যা করা হবে অথবা ঘরে তালা দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা হবে।
ঘটনাটি স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দেখেছেন ও অবগত আছেন। এই ন্যক্কারজনক ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ভুক্তভোগী পরিবার আইন প্রয়োগকারী সংস্থার কাছে দ্রুত হস্তক্ষেপ ও আকস্মিক হামলা থেকে সুরক্ষার দাবি জানিয়েছেন।
মতামত