চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার, মিনি ট্রাকসহ মাদক কারবারি আটক
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি নীল রঙের মিনি ট্রাকও জব্দ করা হয়।
শনিবার (৪ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে চকরিয়া থানাধীন জিদ্দাবাজার এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফারুকের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শাহেদুল্লাহ, এসআই (নিরস্ত্র) সুজন বিকাশ চাকমা, এসআই (নিরস্ত্র) আমজাদ হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর নয়াপাড়া এলাকার বাসিন্দা মো. এহসান (২৬)-কে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি নীল রঙের মিনি ট্রাক তল্লাশি করে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মিনি ট্রাকটি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি নীল রঙের মিনি ট্রাক। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮ ধারায় চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত