গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ বাগেরহাট থেকে গ্রেফতার
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি:- রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সরকারি কর্মকর্তাদের ওপর হামলা এবং মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ (৩০)কে বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাবের এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করে সাজা প্রদান করা হচ্ছিল। এ সময় তার সহযোগীরা কর্তব্যরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালিয়ে ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব-১০।
র্যাব জানায়, গত ২৭ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৬-এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে ফয়সাল শেখকে গ্রেফতার করা হয়। তিনি গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা এবং গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা স্বাক্ষরিত বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মতামত