সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে। গত ১২ নভেম্বর সেনা সদরের মিলিটারি সেক্রেটারির শাখা থেকে তাদের বরখাস্তের বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে আদেশ দুটি কার্যকর হবে। এর মধ্য দিয়ে তাদের সামরিক চাকরির অবসান ঘটবে।
সেনা আইনের ১৬ ধারার আওতায় তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। এতে সেনা আইনের ৯(ক) বিধি এবং সেনা প্রবিধানের ৭৮(গ), ২৫৩(ক), ২৬১ ও ২৬৯(ক) ধারার উল্লেখ রয়েছে। নথিপত্রের ওপরে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি শেষ হওয়ার ধরন হিসেবে উল্লেখ করা হয়েছে ‘চাকরি থেকে বরখাস্ত’। আদেশ দুটির ভিত্তি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বরের একটি প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে।
সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, সরকার কোর্ট মার্শাল ছাড়াই আইনের আওতাধীন কোনো ব্যক্তিকে বরখাস্ত বা অপসারণ করতে পারে। সে হিসাবে এই দুটি আদেশ প্রশাসনিক বরখাস্ত হিসেবে গণ্য হবে। তবে তাঁদের বিরুদ্ধে সামরিক বা বেসামরিক আদালতে ফৌজদারি মামলা করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
বরখাস্তের প্রথম আদেশে বিএ-৪৬৩৮ ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনের নাম রয়েছে। তিনি সেনা সদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে সংযুক্ত ছিলেন। তার অধীনে কোনো অপারেশনাল কমান্ড ছিল না।
অন্যদিকে, দ্বিতীয় আদেশে বিএ-৬৯৭২ লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের নাম রয়েছে। তিনি কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তা এবং সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন।
এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনের সময় তিনি ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই ব্রিগেড সরাসরি সেনা সদরের অধীনে কাজ করত।
২০২৪ সালের ১৯ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করে। আন্দোলন তীব্র হওয়ার পর সেনাবাহিনী মোতায়েন করা হয়। জুলাই আন্দোলনের সময় জাকারিয়া হোসেন ওই ব্রিগেডের দায়িত্বে ছিলেন।
মতামত