ইতালিতে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও বিনা অনুমতিতে ব্যবহারের দায়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো বা ৮৮ কোটি ডলার জরিমানা করা হয়েছে। শনিবার ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জরিমানার এই কথা জানায়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ফেসবুক অ্যাপের মাধ্যমে গ্রাহকদের যথাযথভাবে না জানিয়ে ব্যক্তিগত এসব তথ্য সংগ্রহ করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেটার এক মুখপাত্র জানিয়েছেন, তারা ইতালির নিয়ন্ত্রক সংস্থার এই মূল্যায়ন এবং জরিমানার পরিমাণের সঙ্গে একেবারেই একমত নন। তাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইতালির নিয়ন্ত্রক সংস্থা জানায়, ফেসবুকের ‘গ্যালারি সাজেশনস’ বা গ্যালারির ছবি প্রস্তাব করার ফিচারের কারণে এই জরিমানা করা হয়েছে। ২০২৩ সাল থেকে চালু থাকা এই ফিচারটি গ্রাহকের ফোনের গ্যালারি থেকে ছবি ও ভিডিও নিয়ে নতুন পোস্ট করার ধারণা দেয়। কর্তৃপক্ষের অভিযোগ, ফেসবুক পুরো অ্যাপের জন্য একটি সাধারণ নোটিশ দিয়ে গ্যালারির নিয়ন্ত্রণ নেয়। এর ফলে সাধারণ ব্যবহারকারীরা ঠিকমতো বুঝতেই পারেন না যে তারা গ্যালারি থেকে ছবি প্রস্তাব করার অনুমতি দিচ্ছেন।
নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী, এখন থেকে ফিচারটি ব্যবহারের জন্য মেটাকে আলাদাভাবে সুনির্দিষ্ট অনুমতি নিতে হবে। এটি কী কাজে ব্যবহৃত হবে এবং কীভাবে বন্ধ করা যাবে তা স্পষ্টভাবে জানাতে হবে। ইতালিতে প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিয়ম লঙ্ঘনের বিষয়টি এখনো চলমান থাকা এবং তদন্তে মেটার অসহযোগিতার বিষয়গুলো বিবেচনা করে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। মেটার ২০২৫ সালের বার্ষিক আয়ের (২০ হাজার ১০০ কোটি ডলার) প্রায় ০.৪ শতাংশ জরিমানা করা হয়েছে। ওই বছর প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ৬ হাজার ৫০ কোটি ডলার।
ইতালিতে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর এটি অন্যতম বড় জরিমানা। এর আগে প্রতিযোগিতা আইন ভঙ্গের দায়ে ২০২১ সালে আমাজনকে ১১০ কোটি ইউরোর বেশি জরিমানা করা হয়েছিল, যা পরে আপিলে ৭৫ কোটি ২০ লাখ ইউরোতে নেমে আসে। অন্যদিকে, গত অক্টোবরের শেষের দিকে নিজেদের বাসিন্দাদের তথ্য নিয়ে বিভ্রান্ত করার অভিযোগে মেটাকে রেকর্ড আড়াই হাজার কোটি ডলার জরিমানা করেছিল যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য।
মতামত