ইয়াসমিন চৌধুরীর দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে (দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায়) করা মামলায় তাঁর পরিবারের তিন সদস্য আদালত থেকে জামিন পেয়েছেন। বুধবার (১১ নভেম্বর ২০২৬) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত আপসের শর্তে তাঁদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত তিন আসামি হলেন ইয়াসমিন চৌধুরীর মা রওশনয়ারা চৌধুরী, ভাই নাজমুল হাসান চৌধুরী এবং বোনের স্বামী এনামুল হক চৌধুরী।
মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইয়াসমিন চৌধুরী তাঁর পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে (দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায়) আদালতে মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত ও প্রতিবেদন দাখিলের পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন বলে মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরবর্তীতে তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
এদিকে, মামলার বাদী ইয়াসমিন চৌধুরী নিজে আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে আইনজীবীরা আদালতে প্রতিনিধিত্ব করেন বলে জানা গেছে।
ইয়াসমিন চৌধুরী একজন ব্রিটিশ নাগরিক ও ব্যবসায়ী। তিনি লন্ডনের পরবর্তী মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছেন।
এ মামলায় ইয়াসমিন চৌধুরীর তিন বোন ব্রিটিশ সলিসিটর নাজমিন চৌধুরী, শিক্ষিকা জেসমিন চৌধুরী এবং চিত্রনাট্যকার নাসরিন চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
মামলার মোট ছয়জন আসামির মধ্যে তিনজন জামিন পেলেও বাকি তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে।
মতামত