টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৬০ হাজার ইয়াবাসহ দুই নারী আটক
এস কে জাফর আলম টেকনাফ (কক্সবাজার):-কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা বহনের অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল বিকেল ৩টার দিকে কেরুনতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো অত্যন্ত কৌশলে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে আগে থেকেই প্রাপ্ত গোয়েন্দা তথ্যের কারণে অভিযানকারী দল দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং মাদক চালানটি জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধারকৃত ইয়াবা যথাযথ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের উপকূলীয় অঞ্চলে মাদক, চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মতামত