ভারুয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমানকে ঘিরে আলোচনা তুঙ্গে
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার বিজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান এর আগে দুইবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। তবে দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ড, জনসেবামূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে।
এলাকার কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণের একটি বড় অংশের দাবি, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গঠনে মোস্তাফিজুর রহমান একজন যোগ্য নেতৃত্ব হতে পারেন। ফলে সম্ভাব্য নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
বর্তমানে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান ও জনসমাগমস্থলে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমানের নামই বেশি আলোচিত হচ্ছে। স্থানীয়দের মতে, জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তবে নির্বাচনকে ঘিরে এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি। এরপরও ভারুয়াখালী ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মোস্তাফিজুর রহমানকে নিয়ে আলোচনা দিন দিন আরও জোরালো হচ্ছে।
মতামত