ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগে টেকনাফে স্মারকলিপি প্রদান
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে “রোহিঙ্গা প্রতিরোধ কমিটি টেকনাফ উপজেলা”। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের সূত্র ধরে টেকনাফে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি এবং ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির অভিযোগ সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনটির নেতাকর্মীরা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে লিখিত স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশি পরিচয় ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জাতীয় নিরাপত্তা ও স্থানীয় জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
রোহিঙ্গা প্রতিরোধ কমিটি টেকনাফ এর চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন,
“যদি কোনো রোহিঙ্গা অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে তা দেশের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।”
তিনি আরও বলেন, অভিযোগ ওঠা ব্যক্তিদের এনআইডি যাচাই-বাছাই করে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে এবং প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ধরনের অনিয়ম দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রশাসনের উচিত স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা।
স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় যাচাই-বাছাই ছাড়া কাউকে অভিযুক্ত না করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মতামত