যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ঐতিহাসিক পাবলিক গলফ কোর্সকে আন্তর্জাতিক মানের কোর্সে রূপান্তরের পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফেডারেল বিচারক আনা রেয়েস এক আদেশে পার্কটি বন্ধ করার এই উদ্যোগে অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে ট্রাম্পের ওয়াশিংটন শহর ঢেলে সাজানোর আরেকটি উদ্যোগ আইনি বাধার মুখে পড়ল।
হোয়াইট হাউস থেকে মাত্র দুই মাইল দক্ষিণে জেফারসন মেমোরিয়ালের কাছে ইস্ট পোটোম্যাক পার্ক অবস্থিত। গত ১৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, পার্কটি ১৫ মাসের জন্য বন্ধ রেখে এটিকে বিশ্বের অন্যতম সেরা ও দর্শনীয় গলফ কোর্সে পরিণত করা হবে। বর্তমানে এখানে ৩৬ হোলের তিনটি গলফ কোর্স, একটি মিনি কোর্স এবং সাইকেল ও দৌড়ানোর পথ রয়েছে। ট্রাম্প চেয়েছিলেন একে ১৮ হোলের এমন এক কোর্সে পরিণত করতে, যেখানে ইউএস ওপেন বা রাইডার কাপের মতো বৈশ্বিক আসর বসতে পারে।
তবে ‘ডিসি প্রিজারভেশন লিগ’ নামের একটি ঐতিহ্য সংরক্ষক গোষ্ঠী এই পরিকল্পনার বিরুদ্ধে মামলা করে। তাদের দাবি, এতে পার্কের স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হবে এবং এটি সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যাবে। ৩০ পৃষ্ঠার আদেশে বিচারক আনা রেয়েস বলেন, সরকার অযৌক্তিক কারণ দেখিয়ে ও একটি নির্দিষ্ট সময়সীমা ধরতে গিয়ে অন্তত দুটি ফেডারেল আইন লঙ্ঘন করেছে। তিনি জানান, পার্কে গলফ কার্যক্রম না থাকলেও এর অজুহাতে সাধারণ মানুষকে প্রবেশ থেকে বঞ্চিত করা যাবে না।
মামলায় বাদীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ডেমোক্রেসি ফরোয়ার্ড’ জানিয়েছে, এই পার্ক ধ্বংস করা হলে তা অপূরণীয় ক্ষতি হতো। জো বাইডেনের নিয়োগ দেওয়া বিচারক আনা রেয়েসকে ট্রাম্প এর আগে ‘পাগল’ বলে আখ্যা দিয়েছিলেন। মামলার শুনানিতে বিচারক ও বিচার বিভাগের আইনজীবীদের মধ্যে বেশ তর্কবিতর্ক হয়। সরকারি আইনজীবীরা পার্ক বন্ধের সময়সীমা নিয়ে তাকে বিভ্রান্ত করেছেন কি না, তা নিয়ে বিচারক একটি তদন্তেরও নির্দেশ দিয়েছেন। অন্যদিকে বিচার বিভাগের অভিযোগ, বিচারক তার ক্ষমতার সীমা ছাড়িয়েছেন। তারা বিচারককে এই মামলা থেকে সরে দাঁড়ানোর দাবি জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনজুড়ে নিজের স্থাপত্যের ছাপ রাখতে হোয়াইট হাউসে বলরুম নির্মাণ বা কেনেডি সেন্টারে নিজের নাম যুক্ত করার মতো বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নিয়েছেন। তবে এর অনেকগুলোই এখন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়েছে। কেকে
মতামত