টেকনাফে চালক শ্রমিকদের ওপর চাঁদাবাজির অভিযোগ
রাজনৈতিক প্রভাবশালীদের হস্তক্ষেপে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত শ্রমিকরা
টেকনাফ প্রতিনিধি : সোলতান আহমদ।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় চালক শ্রমিক সেক্টরে শ্রমিক ব্যতীত অন্য রাজনৈতিক দলের লোকজনের চাঁদা আদায়কে ঘিরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় চালক ও শ্রমিকদের অভিযোগ, শ্রমিক সংগঠনের সাথে সম্পৃক্ত নয়—এমন রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি জোরপূর্বক ড্রাইভার ও শ্রমিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বেআইনি।
এদিকে টেকনাফ উপজেলার স্থলবন্দর ও করিডোর দীর্ঘদিন বন্ধ থাকায় সাধারণ ড্রাইভার ও শ্রমিকরা চরম আর্থিক সংকটে পড়েছেন। আয়ের পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে। এমন দুর্দিনে শ্রমিকদের পাশে দাঁড়ানোর পরিবর্তে একটি মহল তাদের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে চাঁদাবাজিতে লিপ্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক জানান,
“আমরা কাজ পাই না, সংসার চালাতে হিমশিম খাচ্ছি। অথচ রাজনৈতিক দলের কিছু লোক নিজেদের প্রভাব খাটিয়ে আমাদের কাছ থেকে টাকা আদায় করছে। না দিলে হুমকি দেওয়া হয়।”
শ্রমিক নেতারা বলছেন, শ্রমিক সেক্টরে শ্রমিক ব্যতীত অন্য কারো চাঁদা আদায় করার কোনো বৈধতা নেই। এটি সরাসরি শ্রমিকদের অধিকার লঙ্ঘন এবং দুর্নীতির শামিল। তারা এই চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং প্রকৃত শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও তারা মনে করেন।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী চালক ও শ্রমিকরা।
মতামত