হোয়াইক্যংয়ে ইয়াবা বোঝাই সিএনজিসহ পাচারকারী আটক
টেকনাফ প্রতিনিধি : সোলতান আহমদ
কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং এলাকায় বিজিবির তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি যাত্রীবাহী সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে নয়াপাড়া থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে তাতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিজিবি সদস্যদের পাশাপাশি বিজিডি-১১২২ ডগ স্কোয়াডের ‘ডগ হেক্টর’ অংশ নেয়।
তল্লাশীকালে ডগ হেক্টরের সংকেত অনুযায়ী সিএনজির চালকের বসার সিটের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হ্নীলা নয়াপাড়ার ছৈয়দ আকবরের ছেলে সিএনজি চালক মোহাম্মদ হোছন (৫৩)-কে আটক করা হয়। একই সঙ্গে পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (জি) জানান, মাদক সরবরাহকারী চক্র ও এর সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা, জব্দ করা সিএনজি ও মোবাইল ফোনসহ আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত