মিথ্যা মামলায় কলেজ ছাত্র কারাবন্দি থাকার অভিযোগ, মুক্তির দাবিতে এলাকাবাসীর আবেদন
টেকনাফ প্রতিনিধি: সোলতান আহমদ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলেজ ছাত্র শামীমুল হাসান রিয়াদকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে—এমন অভিযোগ তুলেছেন তার পরিবার ও এলাকাবাসী।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখে একটি মামলায় গ্রেপ্তার হন শামীমুল হাসান রিয়াদ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। রিয়াদ স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ সওদাগরের ছেলে এবং একজন মেধাবী কলেজ ছাত্র।
রিয়াদের বাবা আব্দুল আজিজ সওদাগর অভিযোগ করে বলেন, তার ছেলেকে এলাকার একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। তিনি বলেন,
“আমার ছেলে একজন সৎ ও শান্ত প্রকৃতির মানুষ। তার বিরুদ্ধে আগে কখনো কোনো অভিযোগ বা মামলা ছিল না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে।”
স্থানীয় বাসিন্দারাও একই অভিযোগ করে বলেন, শামীমুল হাসান রিয়াদ একজন ভদ্র ও নিরীহ যুবক হিসেবে এলাকায় সুপরিচিত। ব্যক্তিগত ও সামাজিক বিরোধের জের ধরে একটি মহল তাকে হয়রানি করতে এই ষড়যন্ত্র করেছে বলে তারা দাবি করেন।
এলাকাবাসীর পক্ষ থেকে রিয়াদের মুক্তির দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। তারা মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে আব্দুল আজিজ সওদাগর জানান, গত ২৪ নভেম্বর ২০২৫ ইংরেজিতে তিনি টেকনাফ মডেল থানা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ফলাফল পাননি বলে তিনি জানান।
এলাকাবাসীর দাবি, দ্রুত মামলাটির নিরপেক্ষ তদন্ত করে নির্দোষ প্রমাণিত হলে শামীমুল হাসান রিয়াদকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।
মতামত