সনাতনী ভোটে পাল্টে যেতে পারে কয়রা-পাইকগাছা খুলনা-৬ আসনের নির্বাচনের ফলাফল
এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :-
খুলনার ৬টি সংসদীয় আসনে জয় পরাজয়ের ব্যবধান গড়তে নিয়ামক শক্তি হিসেবে কাজ করতে পারে সনাতনী সম্প্রদায়। সনাতনী সম্প্রদায় যে দিকে ঝুঁকবে, সেদিকের পাল্লা ভারী হবে। কয়রা পাইকগাছা নির্বাচনী আসন খুলনা -৬ মূল প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী হলো বিএনপি বনাম জামায়াত। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনটিতে উল্লেখযোগ্য সংখ্যক সনাতনী সম্প্রদায় রয়েছে। সনাতনী সম্প্রদায়ের ভোট যে প্রার্থী টানতে পারবেন তার বিজয়টা কিছুটা এগিয়ে থাকবে এমনটি মনে করছেন, সাধারণ মানুষ ও ভোটাররা। সনাতনী সম্প্রদায়ের একাধিক ব্যক্তি জানান, খুলনার এই আসনে বিগত দিনে সনাতনী সম্প্রদায়ের লোক আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে কাজ করেছে। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। ২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর এবারন নির্বাচনে আওয়ামী নির্বাচন করতে পারছে না। দলটি সরকারের প্রশাসনিক আদেশে নিষিদ্ধ। তাদের দলের শীর্ষ নেতারা আছেন আত্মগোপনে। মাঠ পর্যায়ের কর্মীরাও সক্রিয় নয়। তাই এবার সনাতনী সম্প্রদায়ের মানুষ কাকে ভোট দিতে পারে তা নিয়ে-গ্রাম থেকে শহরে চলছে ব্যাপক আলোচনা। সূত্রটি জানায়, সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের মোটা দাগে তিনটি জিনিষ যারা নিশ্চিত করতে পারবে, তাদের দিকে যাবে সনাতনী ভোট। তা হলো, নিরাপত্তা, মর্যাদা ও সম্পদ রক্ষা। এই তিনটি জিনিষই হলো তাদের মূল দাবি। সাংবিধানিকভাবে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার ভোগ করার অধিকার থাকলেও মাঝে-মধ্যে সেটি উপেক্ষিত থাকে। 'বিশেষ করে ধর্মীয় বিভাজন সামাজিক মর্যাদাকে খাটো করে। এছাড়া পেশি শক্তির কারণে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকতে হয়। সূত্র মতে, আগামী নির্বাচনে সনাতনীরা আর আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে আর থাকছে না। তবে রাজনীতির মাঠে যারা আছে তাদের কোনো একটি জোট বা দলকে বেছে নিতে পারে। স্থানীয় এবং জাতীয়ভাবে যাদের প্রভাব রয়েছে তাদের দিকে সনাতনী ভোট যেতে পারে বলে অনেকেই মনে করছেন। তাই দুই দল ও জোটের প্রার্থীরা এখন ছুটছেন সনাতন সম্প্রদায়ের দুয়ারে। সবাই আশ্বাস দিচ্ছেন এবং মন জয় করার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া প্রাপ্ত তথ্যে জানা গেছে, খুলনার সর্ব দক্ষিণে অবস্থিত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৭শ' ৩৪ জন। এর মধ্যে সনাতনী সম্প্রদায় ও আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের রয়েছে ১ লাখ ৯ হাজার। যা মোট ভোটের ২৬ শতাংশ। এই ২৬ শাতংশ ভোটই হতে পারে জয়-পরাজয়ের নিয়ামক শক্তি। এই আসনে জামায়াতের প্রার্থী রয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছেন। অপর প্রার্থী হলেন, খুলনা জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। অতীতে জেলা ছাত্রদল, যুবদল ও বিএনপি'র সদস্য সচিব থাকাকালীন তার সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। দুই প্রার্থী সনাতনীদের মন জয়ের চেষ্টা করছেন। একই সাথে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর লাঙ্গল নিয়ে ছুটছেন মানুষের দূয়ারে দূয়ারে। তিনি আওয়ামী সর্মাথীত ভোটার দের ও সনাতনী ভোটারদের মন জয়ের জন্য ইতিপূর্বে আওয়ামী সরকারের সহযোগীতার কথা তুলে ধরছেন এবং আগামীতে এরশাদের উন্নয়নের রুপরেখার কথা তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। ফলে খুলনার এ আসনের উল্লেখযোগ্য সনাতনী ভোট ব্যাংক পাল্টে দেবে নির্বাচনের হিসাব-নিকাশ বলে মনে করছেন সচেতন ভোটাররা।
মতামত