কুমিল্লায় এনসিপির প্রচারণায় বিএনপি ও তারেক রহমানকে আক্রমণ: আসিফ মাহমুদকে ঘিরে রাজনৈতিক বিতর্ক
কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষে নির্বাচনী প্রচারণায় গিয়ে বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কড়া সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
প্রচারণাকালে আসিফ মাহমুদের বক্তব্যের জবাবে তারেক রহমান কটাক্ষ করে বলেন,
“আগে বাসের ভেতর থেকে নামুন। বাংলাদেশের অলিগলি চিনুন। যে ফ্যামিলি কার্ড দিবেন, ওইটার জন্য কত টাকা চাঁদা দিতে হবে, সেটাও বলেন।”
রাজনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমান এই প্রকাশ্য সমালোচনার পেছনে রয়েছে সাম্প্রতিক নির্বাচনী মনোনয়ন সংক্রান্ত জটিলতা ও রাজনৈতিক সমীকরণ।
বিএনপির মনোনয়ন চেষ্টার পেছনের প্রেক্ষাপট
দলীয় সূত্র অনুযায়ী, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগের দিন পর্যন্ত সক্রিয়ভাবে চেষ্টা চালান। এ সময় তিনি বিএনপিতে যোগ দিয়ে দলের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে রাজনীতি করার প্রতিশ্রুতিও দেন বলে সংশ্লিষ্ট একাধিক নেতা দাবি করেন।
২৮ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তার নাম বিবেচনার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে একাধিক সদস্য তাকে কনসিডার করার পক্ষে মত দেন। তবে তারেক রহমান সে সময় চূড়ান্ত সিদ্ধান্ত না জানিয়ে বলেন, বিষয়টি পরদিন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরদিন সকালে সালাহউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট নেতাদের জানানো হয়, আপাতত আসিফ মাহমুদকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তবে বিএনপিতে যোগ দিতে চাইলে তাকে স্বাগত জানানো হবে এবং ভবিষ্যতে দলের সঙ্গে কাজ করার সুযোগ থাকবে।
বিকল্প সংকট ও এনসিপিতে যোগদান
এই সিদ্ধান্তের পর আসিফ মাহমুদের সামনে অন্য কোনো দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কার্যত বন্ধ হয়ে যায়। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, জামায়াতসহ অন্য জোটগুলোও তাকে প্রার্থী হিসেবে গ্রহণে অনাগ্রহ দেখায়।
এর পেছনে তার ব্যক্তিগত সহকারীর (পিএস) বিরুদ্ধে ওঠা বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ এবং সেসব বিষয়ে তার সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে নানা কানাঘুষার কথাও আলোচনায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব ঝুঁকি নিতে অনেক দলই অনিচ্ছুক ছিল।
একই সঙ্গে উপদেষ্টা থাকা অবস্থায় বিএনপির সঙ্গে তার একাধিক সংঘাত এবং রাজনৈতিক অবস্থান নিয়েও দলটির ভেতরে ও বাইরে সমালোচনার আশঙ্কা ছিল। এসব বিষয় বিবেচনা করেই বিএনপির হাইকমান্ড তাকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনসিপিতে ভূমিকা ও বিতর্ক
পরবর্তীতে আসিফ নাহিদের বাসায় এক বৈঠকের মাধ্যমে তাকে এনসিপির শীর্ষ নেতৃত্বে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। পরে তাকে দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হলে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাত্র এক মাস আগেও যে নেতা বিএনপির প্রতি আনুগত্য প্রকাশ করে মনোনয়নের জন্য চেষ্টা চালিয়েছেন, তার পক্ষ থেকে এখন দল ও তারেক রহমানের বিরুদ্ধে তীব্র আক্রমণ রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলছে।
বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতবিরোধ ও সমালোচনা স্বাভাবিক হলেও পারস্পরিক সম্মান বজায় রেখে বক্তব্য দেওয়া গণতান্ত্রিক রাজনীতির জন্য জরুরি।#
মতামত