গোবিন্দগঞ্জে স্ত্রী-সন্তানকে ঘরছাড়া করার অভিযোগ, তদন্তের দাবি
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাষকপাড়া এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী ও দুই কন্যাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করার দাবি উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ফরহাদ আলি পুটু নামের ওই ব্যক্তি অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে স্ত্রী ও দুই সন্তানকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেন।
ফলে তারা বাড়ির সামনেই খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন বলে স্থানীয়রা জানান।
বিষয়টি পারিবারিক সহিংসতা ও শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের শামিল বলে অভিযোগকারীদের দাবি।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়,
অভিযুক্ত ব্যক্তি নাকি গোপনে স্ত্রীকে তালাক দিয়েছেন বলে প্রচার করছেন
তবে এ বিষয়ে স্ত্রী বা সন্তানদের কোনো আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, তালাক সংক্রান্ত আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত হওয়া প্রয়োজন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন
তাদের দাবি, মা ও দুই শিশুর জন্য তাৎক্ষণিক নিরাপদ আশ্রয় ও ভরণপোষণের ব্যবস্থা করতে হবে
এবং অভিযোগের বিষয়ে আইনগত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে।
অভিযোগের বিষয়ে ফরহাদ আলি পুটুর বক্তব্য জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত