প্রতিশোধ নিতে সাংবাদিক আরাফাত সানিকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
টেকনাফ প্রতিনিধি: সোলতান আহমদ।
টেকনাফ প্রতিনিধি ও সাংবাদিক আরাফাত সানিকে প্রতিশোধমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। রোববার (২৫ জানুয়ারি) কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিক আরাফাত সানির স্ত্রী অভিযোগ করে বলেন, আটকের আগে তার স্বামী সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছিলেন। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে সেন্টমার্টিন থেকে ফেরার পথে শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছালে কোস্টগার্ডের সদস্যরা তাকে আটক করে। পরে একটি সাজানো নাটকের অংশ হিসেবে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক উদ্ধারের গল্প তৈরি করা হয়।
তিনি জানান, আটকের সময় ঘাটে আরাফাত সানির একাধিক সহকর্মী উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কোস্টগার্ড সদস্যরা চা খাওয়ার কথা বলে তাকে ঘাট এলাকা থেকে সরিয়ে নেয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ আটক দেখানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা টেকনাফে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন সাংবাদিক আরাফাত সানি। এর আগে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত অভিযানের বিরুদ্ধে তার একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের কারণে ক্ষুব্ধ হয়ে কোস্টগার্ড প্রতিশোধ নিতে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে দাবি করেন তার স্ত্রী।
তিনি অভিযোগ করেন, আটকের পর আরাফাত সানির ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে এবং তাকে থানায় একবারও দেখতে দেওয়া হয়নি। এ ঘটনার প্রমাণ হিসেবে কোস্টগার্ড ও আইএসপিআর কর্তৃক গণমাধ্যমে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তির তথ্যের অসঙ্গতির কথা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রোববার আদালতে হাজির করার সময় আদালত প্রাঙ্গণেও আরাফাত সানি তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানান। তিনি দাবি করেন, ভুক্তভোগীদের পক্ষে সংবাদ প্রকাশ করায় তাকে হয়রানি করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি করেছে।
এদিকে, কোনো পূর্ববর্তী মামলা না থাকা এবং গ্রেফতারের সময় কোনো আলামত জব্দ না করেই তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ তুলে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার কর্মরত সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, এর আগেও কোস্টগার্ডের একটি অভিযানে একজন অসহায় ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছিলেন আরাফাত সানি। সেই ঘটনার প্রতিবাদ করায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে সাংবাদিক আরাফাত সানির নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
মতামত