টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ দুইজন আটক
টেকনাফ প্রতিনিধি সোলতান আহমদ।
গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ সদর নাইট্যংপাড়া এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মোহাম্মদ জুনায়েদ ওরফে মুন্না এবং তার সহযোগী রোহিঙ্গা নাগরিক হামিদুল্লাহ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
এছাড়াও তল্লাশিতে একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড গুলি, ১২৬ পিস ইয়াবা, দুটি ওয়াকি-টকি সেট এবং কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।অভিযান শেষে আটককৃতদের এবং উদ্ধারকৃত সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।নৌবাহিনী সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মতামত