টেকনাফ পৌরসভা ও বাহারছড়ায় দাঁড়িপাল্লার পথসভা
ক্রসফায়ার নয়, কর্মসংস্থান সৃষ্টি করেই মাদক নির্মূল করা হবে — অধ্যক্ষ আনোয়ারী
বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও বাহারছড়া ইউনিয়নে দশ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে টেকনাফ সরকারি কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টেকনাফ একটি সম্ভাবনাময় এলাকা হওয়া সত্ত্বেও নানা প্রতিবন্ধকতার কারণে এখানকার মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। শাহপরীর দ্বীপ গবাদি পশুর করিডোর, টেকনাফ স্থলবন্দর, সেন্টমার্টিন পর্যটন সীমাবদ্ধতা ও সিন্ডিকেট ব্যবসার কারণে সাধারণ মানুষকে জোরপূর্বক কর্মহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে টেকনাফে মাদকের ভয়াবহতা বেড়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে ক্রসফায়ারের মতো পদ্ধতি ব্যবহার করা হয়েছে, কিন্তু তাতে স্থায়ী সমাধান আসেনি। আগামী নির্বাচনে বিজয়ী হলে মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে।
টেকনাফ পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি মুহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নুরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা আমির মাওলানা রফিকুল্লাহ, সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম নুরী, এনসিপির উপজেলা সমন্বয়ক সায়েম সিকদার, বাহা উদ্দিন ও সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান প্রমুখ।
এদিকে সন্ধ্যা ছয়টার দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারী বলেন, আপনাদের সহযোগিতা, দোয়া ও ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইনশাআল্লাহ বাংলাদেশকে দুর্নীতি ও সকল অব্যবস্থাপনা মুক্ত করে একটি সম্মানজনক ও সফল রাষ্ট্রে পরিণত করা হবে। তিনি বলেন, নির্বাচিত হলে নিজে দুর্নীতি করবেন না এবং কাউকেও দুর্নীতি করতে দেবেন না।
বাহারছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাক আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতামত