কুমিল্লার ১১ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী এখন ৮০ জন
কুমিল্লা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে পুরো জেলায় বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত, পারস্পরিক সমর্থন ঘোষণা এবং নির্বাচনী কৌশলের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে কুমিল্লা-১ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ড. খন্দকার মারুফ হোসেন এবং খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের (জামাল) তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। কুমিল্লা-২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আব্দুস সালাম মনোনয়ন প্রত্যাহার করেন।
কুমিল্লা-৪ আসনে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ান। কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং এবি পার্টির প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক মনোনয়ন প্রত্যাহার করেন।
এছাড়া কুমিল্লা-৭ আসনে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মোশারফ হোসেন, কুমিল্লা-৮ আসনে খেলাফত মজলিসের মো. জোবায়ের হোসেন এবং কুমিল্লা-৯ আসনে খেলাফত মজলিসের আবদুল হক আমিনী ও মো. মাহবুবুর রহমান তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে কুমিল্লার বিভিন্ন আসনে ভোটের সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এতে করে নির্বাচনী লড়াই আরও স্পষ্ট, কেন্দ্রীভূত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন তারা।

মতামত