কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভুঁইয়ার রিট শুনানি আজ হয়নি
কুমিল্লা প্রতিনিধি:
লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী গফুর ভুঁইয়ার করা রিটের শুনানি আজ আদালতে অনুষ্ঠিত হয়নি। আদালত আগামীকাল দুপুরে রিটটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, রিট শুনানিতে গফুর ভুঁইয়ার বিপক্ষে অংশ নেবেন মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও ব্যারিস্টার ফখরুল ইসলাম। এছাড়া অপর প্রার্থী অ্যাডভোকেট নুরে আলমের পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।
অন্যদিকে মনোনয়ন বাতিল হওয়া বিএনপি প্রার্থী গফুর ভুঁইয়ার পক্ষে আদালতে লড়বেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য, কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনয়ন ও প্রার্থী সংক্রান্ত বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আগামীকালের শুনানিতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

মতামত