রানীশংকৈলে দোকান কর্মচারী সংগঠনের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু
ঠাকুরগাঁও প্রতিনিধি : হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় দোকান কর্মচারীদের অধিকার ও কল্যাণকে সামনে রেখে নতুন করে দায়িত্ব গ্রহণ করলো দোকান কর্মচারী সংগঠনের দিনাজ–৩০ নং শাখার নবনির্বাচিত কমিটি। এ উপলক্ষে শনিবার রাত ৯টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে প্রদীপ সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে কামাল পারভেজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন, কর্মচারীদের মধ্যে পারস্পরিক ঐক্য জোরদার এবং সংগঠনকে আরও কার্যকর করে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির মনোনীত ঠাকুরগাঁও–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ। তিনি বলেন, “দোকান কর্মচারীরা প্রতিদিন নীরবে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করতে সংগঠিত আন্দোলন ও ঐক্যের বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীশংকৈল পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পান্না বিশ্বাস ও শাহাদাত হোসেন, রানীশংকৈল পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রদীপ সাহা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কামাল পারভেজ এবং অনুষ্ঠান উপস্থাপনায় দায়িত্ব পালন করেন রব্বানী পারভেজ। এ সময় অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সদস্যরা জানান, নতুন নেতৃত্ব শ্রমজীবী দোকান কর্মচারীদের অধিকার রক্ষা, কর্মপরিবেশ উন্নয়ন এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাদের।
মতামত