সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণা: ফরিদগঞ্জবাসীর প্রতি সেনাক্যাম্পের বিশেষ বার্তা
এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নাম ব্যবহার করে একটি চক্রের চাঁদাবাজি ও প্রতারণার বিষয়ে সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় সেনাক্যাম্প কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এক বিবৃতির মাধ্যমে এই সতর্কবার্তা প্রদান করেন ফরিদগঞ্জ সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর পরিচয় দিয়ে একটি কুচক্রী মহল সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় ও প্রতারণা চালিয়ে আসছে—এমন তথ্য সেনাক্যাম্প কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা নীতি ও আদর্শ মেনে চলে এবং কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও উল্লেখ করেন, সেনাবাহিনী বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের প্রতারণার শিকার না হতে এবং কোনো সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য পেলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রতারক চক্র থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অভিযোগের বিষয়ে দেরি না করে সরাসরি সেনাক্যাম্প বা পুলিশকে অবহিত করার জন্য বলা হয়েছে।
মতামত